রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বরিশাল শিক্ষা বোর্ড: তিন কারণে ফল বিপর্যয়আজকের নামাজের সময়সূচি: ০১ নভেম্বর ২০২৬সাজেকে আবারও অবরোধ ঘোষণালংমার্চে সীমিত অংশগ্রহণ: জোটে থেকেও এনসিপির নিজের রাজনীতিতে জোরকল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলসন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজিরতফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটকনেহালপুর ইউপি নির্বাচন: তফসিলের আগেই মাঠ ও ফেসবুকে সরব প্রার্থীরা
বিজ্ঞাপন

জীবনযাত্রায় পরিবর্তন আনলে মেরুদণ্ডের ৮০ শতাংশ সমস্যা প্রতিরোধ সম্ভব: ঢামেকের সেমিনারে বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিবেদক১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ এএম
জীবনযাত্রায় পরিবর্তন আনলে মেরুদণ্ডের ৮০ শতাংশ সমস্যা প্রতিরোধ সম্ভব: ঢামেকের সেমিনারে বিশেষজ্ঞরা

দৈনন্দিন জীবনযাত্রার অভ্যাসে ইতিবাচক পরিবর্তন এবং সঠিক শারীরিক ভঙ্গি বজায় রাখলে মেরুদণ্ডের প্রায় ৮০ শতাংশ সমস্যাই দূর করা সম্ভব। একই সঙ্গে এই রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিতে দক্ষ জনবল তৈরি, সর্বাধুনিক অস্ত্রোপচার সরঞ্জাম ও উন্নত প্রশিক্ষণসুবিধা বাড়ানোর ওপর জোর দিয়েছেন দেশের শীর্ষ নিউরোসার্জনরা।

বিশ্ব স্পাইন দিবস উপলক্ষে রোববার (১৮ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের উদ্যোগে আয়োজিত একটি শোভাযাত্রা ও বৈজ্ঞানিক আলোচনা সভায় চিকিৎসকেরা এসব কথা বলেন। সকালে শোভাযাত্রা শেষে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের প্রশিক্ষণ কমপ্লেক্স গ্যালারিতে বৈজ্ঞানিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান। তিনি বলেন, মেরুদণ্ড আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন, যাঁর মেরুদণ্ডে কোনো সমস্যা হয়নি। তাই মেরুদণ্ডের সুস্থতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, ‘আমরা যদি সচেতন হই এবং স্বাস্থ্যকর জীবনযাপন করি, তবে অস্ত্রোপচার ছাড়াই মেরুদণ্ডের ক্ষয়জনিত পরিবর্তন ও নানা জটিলতার ক্ষেত্রে ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত উন্নতি সম্ভব। অথচ মেরুদণ্ড ভালো রাখতে আমাদের কী করণীয়, সে বিষয়ে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। নিয়মিত শরীরচর্চা, কায়িক পরিশ্রম, সুষম খাবার গ্রহণ ও ওজন নিয়ন্ত্রণে রাখা মেরুদণ্ড সুস্থ রাখতে বড় ভূমিকা পালন করে।’

আধুনিক চিকিৎসা ও অবকাঠামোর সীমাবদ্ধতা

অনুষ্ঠানে ঢামেক নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আ. ফ. ম. মোমতাজ হক বলেন, সুস্থ জাতি ছাড়া কোনো দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই নাগরিকদের স্বাস্থ্যশিক্ষায় সচেতন করে তুলতে হবে। মেরুদণ্ডের আধুনিক চিকিৎসার বিষয়ে তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এই রোগের চিকিৎসা দিয়ে আসছি। তবে এখন সময় এসেছে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করার। এ জন্য দক্ষ জনবলের পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি ও অবকাঠামোগত সুবিধা বাড়ানো প্রয়োজন।’

সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি জানান, এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি করতে গিয়ে চিকিৎসকদের নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। প্রয়োজনীয় উন্নত সি-আর্ম যন্ত্র ও মানসম্মত অস্ত্রোপচার টেবিলের অভাবে অস্ত্রোপচারের সময় একসঙ্গে বিভিন্ন দিক থেকে এক্স-রে চিত্র পাওয়া যায় না। এতে প্রযুক্তিগত সহায়তা ব্যাহত হয়।

অধ্যাপক ডা. মোমতাজ হক আরও বলেন, আধুনিক এন্ডোস্কোপিক সার্জারির যন্ত্রপাতি অনেক ব্যয়বহুল। তরুণ চিকিৎসকেরা অনেক সময় নিজেদের খরচে বিদেশ থেকে উন্নত প্রশিক্ষণ নিয়ে এলেও দেশে সরঞ্জামের অভাবে তা প্রয়োগ করতে পারেন না। সরকারি হাসপাতালে এসব সুবিধা নিশ্চিত করা জরুরি, যাতে যোগ্য নিউরোসার্জনরা এন্ডোস্কোপিক ও এন্ডোভাসকুলার চিকিৎসার মতো আধুনিক পদ্ধতিতে রোগীদের নিরাপদ ও কার্যকর সেবা দিতে পারেন।

প্রতি পাঁচজনের চারজনই ভোগেন কোমরব্যথায়

রোগীদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. আশিক এহসান জানান, বর্তমান বিশ্বে কোমরব্যথা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নগরায়ণ ও অর্থনৈতিক অগ্রগতির ফলে মানুষের কায়িক পরিশ্রম কমে গেছে এবং দীর্ঘ সময় বসে থাকার অভ্যাস তৈরি হয়েছে। এর সঙ্গে অতিরিক্ত ওজন, ফাস্টফুড গ্রহণ, রাত জাগা ও মানসিক চাপ যোগ হয়ে মেরুদণ্ডের ঝুঁকি অনেক বাড়িয়ে দিচ্ছে।

তিনি জানান, পরিসংখ্যান অনুযায়ী জীবনের কোনো না কোনো সময়ে প্রতি পাঁচজনের মধ্যে চারজনই কোমরব্যথায় আক্রান্ত হন। এ পরিস্থিতি থেকে বাঁচতে সঠিক শারীরিক ভঙ্গি বজায় রাখা জরুরি। হাঁটাচলা, দাঁড়ানো, দীর্ঘক্ষণ বসার সঠিক নিয়ম জানা এবং ভারী বস্তু তোলার সময় সচেতন থাকা দরকার। পাশাপাশি ধূমপান ও মদ্যপান পরিহার এবং শরীরের উচ্চতা অনুযায়ী ওজন নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান তিনি।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...