এআইনির্ভর পর্যটনে ২৯ অক্টোবর শুরু হচ্ছে বিটিটিএফ মেলা

আন্তর্জাতিক হোটেল পরিচালনাকারী প্রতিষ্ঠান আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টস মেলায় নিবন্ধনকারীদের জন্য ‘ডাইনিং ডিলস’ কর্মসূচির আওতায় বিশ্বব্যাপী প্রায় ৭ হাজার ৫০০ হোটেলে খাবার ও পানীয়তে ২৫ থেকে ৩০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে। মেলার প্রবেশ টিকিটের বিপরীতে র্যাফল ড্রয়ের মাধ্যমে দেশি-বিদেশি রুটের বিমান টিকিটসহ বিভিন্ন পুরস্কার জেতার সুযোগও থাকবে।
পর্যটন ও এভিয়েশন খাতে সমন্বয়ের তাগিদ
সংবাদ সম্মেলনে টোয়াবের প্রেসিডেন্ট মোহাম্মদ হানিফ বলেন, গত ১৩টি সফল আয়োজনের ধারাবাহিকতায় বিটিটিএফ দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ পর্যটন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। দেশীয় পর্যটনকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা, বৈশ্বিক ব্র্যান্ডগুলোর সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ বাড়ানো এবং নতুন বাণিজ্যিক সম্ভাবনা তৈরিতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, পর্যটন ও এভিয়েশন খাতের উন্নয়নে শুধু পরিকল্পনা প্রণয়ন যথেষ্ট নয়; সেগুলোর কার্যকর বাস্তবায়ন প্রয়োজন। বেসরকারি খাতের উদ্যোগকে বাধাগ্রস্ত না করে সরকারকে সহযোগিতা করতে হবে। পাশাপাশি পর্যটনসংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি।
সংবাদ সম্মেলনে টোয়াবের সাবেক সভাপতি ও মেলার প্রধান সমন্বয়ক মুহাম্মদ রফিউজ্জামানও বক্তব্য দেন।
মেলার এয়ারলাইন্স পার্টনার হিসেবে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্লাটিনাম হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট এবং গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম (জিডিএস) পার্টনার সেবা। আয়োজনে সহযোগিতা করছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এবং এফবিসিসিআইসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
আয়োজকদের প্রত্যাশা, এআইনির্ভর সেবা, পরিবেশবান্ধব পর্যটন এবং আন্তর্জাতিক এভিয়েশন ও পর্যটন প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের পর্যটনশিল্পের সম্ভাবনা আরও বিস্তৃত হবে।

