প্রধানমন্ত্রীর সঙ্গে ইউনিক্লোর শীর্ষ নির্বাহীদের বৈঠক: বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের বিশ্বখ্যাত পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইউনিক্লোর মূল সংস্থা ‘ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেড’-এর চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও সিইও তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশে ইউনিক্লোর দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পৃক্ততা ও আস্থার প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বাংলাদেশের তৈরি পোশাক খাত, বিশেষ করে ম্যান-মেড ফাইবার (কৃত্রিম তন্তু), টেকনিক্যাল টেক্সটাইল এবং পরিবেশবান্ধব ও টেকসই পোশাক উৎপাদন খাতে নতুন বিনিয়োগের জন্য ইউনিক্লোর প্রতি আহ্বান জানান।
প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, পণ্যের উদ্ভাবন ও আধুনিক উৎপাদন ব্যবস্থা জোরদারের বিষয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী আশ্বাস দেন যে, বাংলাদেশে ইউনিক্লোর কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে জমি বরাদ্দ, বিনিয়োগ অনুমোদন ও অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণে সরকার সব ধরনের সহায়তায় প্রস্তুত রয়েছে।

