ইবিতে ছাত্রদলের কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিত থাকতে নির্দেশ দিল হল প্রশাসন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রদলের আয়োজিত ডিপ ফ্রিজ বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিত থাকার নির্দেশনা দিয়ে জরুরি বিজ্ঞপ্তি টাঙিয়েছে শাহ আজিজুর রহমান হল কর্তৃপক্ষ। গত সোমবার (২৬ অক্টোবর) হলটির গেটে বিজ্ঞপ্তিটি টাঙানো হয়। তবে নোটিশ দেওয়ার বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন হলটির প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুস সামাদ। অন্যদিকে, হলটির সংশ্লিষ্ট এক কর্মকর্তার দাবি, প্রভোস্টের অনুমতি নিয়েই নোটিশটি টাঙানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা শাহ আজিজুর রহমান হলের সব শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইবি ছাত্রদলের সৌজন্যে বিশ্ববিদ্যালয়ের ৯টি আবাসিক হলে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ৯টি ডিপ ফ্রিজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি আগামী ২৭ অক্টোবর সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী। উক্ত অনুষ্ঠানে অত্র হলের সব শিক্ষার্থীকে উপস্থিত থাকার জন্য আদিষ্ট হয়ে জানানো হলো।

