চীনের ইউনান বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন শিক্ষা সচিব

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক মঙ্গলবার (২৮ অক্টোবর) চীনের কুনমিংয়ে ইউনান বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন।
এ সময় তিনি ইউনান বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি মাধ্যমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন। তাকে স্বাগত জানান ইউনান বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক মা ওয়েনহুই।
অধ্যাপক মা ওয়েনহুই বাংলাদেশ ও ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যকার শিক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণে বিশ্ববিদ্যালয়ের গভীর আগ্রহের কথা তুলে ধরেন। তিনি ইউনান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের উল্লেখ করেন।
তিনি জানান, বাংলাদেশি চীনা ভাষা শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণ এবং চীনা ভাষা ও কারিগরি দক্ষতার সমন্বিত পাঠ্যক্রম চালুর ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রস্তুত রয়েছে। এছাড়া শিক্ষা, চিকিৎসাবিজ্ঞান, জীববিজ্ঞান, পর্যটন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), নৃবিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সহযোগিতা কাঠামো গড়ে তোলার প্রস্তাব দেন। যৌথ গবেষণাগার প্রতিষ্ঠা এবং সমন্বিত গবেষণা প্রকল্প গ্রহণকেও ভবিষ্যৎ অংশীদারিত্বের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে তুলে ধরা হয়।

