ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, আহত ৭

আহত ব্যক্তিরা হলেন জেলা মৎস্য বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস, আনসার ও ভিডিপির হাবিলদার আবদুর রহিম, সিপাহি সাকিব হাসান ও সেলিম মিয়া, নৌকার মাঝি মো. রেজাউল করিম, মো. মোস্তফা সিকদার এবং অফিস সহায়ক মো. রমজান আলী খলিফা।
মঙ্গলবার সকালে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক ঘটনার বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, ‘ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমাদের একটি দল সুগন্ধা নদীতে অভিযান পরিচালনা করে ফিরছিল। এ সময় আমাদের দলের ওপর হামলা চালানো হয়। এতে মৎস্য বিভাগের সাতজন আহত হয়েছেন।’
এনামুল হক আরও অভিযোগ করেন, হামলাকারীরা নৌকার চালক ও মাঝিদের মারধর করে এবং রামদা দেখিয়ে ভবিষ্যতে অভিযানে অংশ না নিতে হুমকি দেয়। এ সময় মাঝিদের কান ধরে ওঠবসও করানো হয়, যাতে তাঁরা ভবিষ্যতে মৎস্য বিভাগের অভিযানে সহযোগিতা না করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

