শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসফেরত যুবক নিহত, আহত ৪

শেরপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুয়েল মিয়া (৪১) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন, যাঁদের মধ্যে নকলা পৌরসভার দুই কর্মচারী রয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া জোড়াপাম্প এলাকায় শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল মিয়া নকলার বারমাইসা খিচা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মো. হাফিজ উদ্দিনের ছেলে। দুই সন্তানের জনক জুয়েল ইরাকের কুর্দিস্তান অঞ্চলে প্রবাসী ছিলেন।
আহত ব্যক্তিরা হলেন নকলা পৌরসভার হিসাবরক্ষক মোহাম্মদ ফেরদৌসুর রহমান (৫০), হিসাব সহকারী আলমগীর হোসেন (৩২), শফিকুল ইসলাম (৪৫) ও দুলাল মিয়া (৬০)। ফেরদৌসুর রহমানকে শেরপুর জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আলমগীর হোসেন নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। শফিকুল ইসলাম ও দুলাল মিয়া শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

