ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চলমান বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট আগামী সাত দিনের জন্য স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতির কর্মকর্তারা।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা পর সংগঠনের সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক বাদল মাতবর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে এই পরিস্থিতি নিরসনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনের সঙ্গে মালিক সমিতির নেতৃবৃন্দের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর সমিতির সদস্যরা নিজেদের মধ্যে বৈঠক করে ধর্মঘট স্থগিতের এই সিদ্ধান্ত নেন।
বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাদল মাতবর বলেন, দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তির কথা চিন্তা করে আমরা মানবিক কারণে এই সিদ্ধান্ত নিয়েছি।
এদিকে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন জানান, আগামী সাত দিন হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে এবং এরপর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

