গবেষণা মাঠ ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা শেকৃবি শিক্ষার্থীদের

গবেষণা মাঠ ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ বৃহস্পতিবার টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন তাঁরা। বেলা ১১টায় বিক্ষোভ মিছিল নিয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে সিগন্যালে প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে গণপূর্ত মন্ত্রণালয়ের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে বিক্ষোভ শেষে ক্যাম্পাসে ফিরে যান তাঁরা।
জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। পরে দুপুর ১২টার দিকে চীন-মৈত্রী সিগন্যালে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তাঁরা। এ সময় গবেষণা মাঠ রক্ষা ও সেখানে সচিবালয় নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। তাঁদের স্লোগানের মধ্যে ছিল—‘গবেষণায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এবং ‘কথায় কথায় ঢাকা ছাড়, ঢাকা কি তোর বাপ-দাদার’।
প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধের পর শিক্ষার্থীরা পাশের গণপূর্ত মন্ত্রণালয়ের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করেন। পরে সেখান থেকে ক্যাম্পাসে ফিরে যান তাঁরা।

