সিরাজদিখানে হামলার শিকার বাবা-মেয়ের মৃত্যু, আটক ১

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গোলাপ পুলিশকে জানায় বুধবার এশার নামাজের সময়ের দিকে মেয়েকে নিয়ে নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি খাসকান্দির উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। পথে রামকৃষ্ণদী বাজারে মেয়েকে নিয়ে চা পান করেন। পরে পাথরঘাটা গ্রামে পৌঁছালে এক ব্যক্তির নেতৃত্বে কয়েকজন মুখোশধারী তাঁদের পথরোধ করে মারধর করেন এবং তাঁর মেয়েকে ছিনিয়ে নেন। একপর্যায়ে তিনি সেখান থেকে পালিয়ে বাবার বাড়িতে পৌঁছান।
মো. কামরান হোসেন আরও বলেন, গোলাপের বাবা তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে মারধর ও জোর করে বিষ খাওয়ানোর অভিযোগ উল্লেখ করে তাঁকে ভর্তি করা হয়। হাসপাতালের নথিতে বিষক্রিয়া ও শরীরে আঘাতের বিষয়টি উল্লেখ ছিল বলে পুলিশ জানতে পেরেছে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি তাঁর পেটের আঘাতের চিকিৎসা করা হয়। পরে তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে বলা হলেও ভোরের দিকে তিনি সেখান থেকে চলে এসে আব্দুল্লাহপুরের স্বদেশ হাসপাতালে ভর্তি হন।
কামরান হোসেন বলেন, স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাপ পুলিশকে জানান, সোহরাব নামে এক ব্যক্তির নেতৃত্বে কয়েকজন মুখোশধারী তাঁর ও তাঁর মেয়ের ওপর হামলা চালায়। তাঁর বক্তব্যের ভিত্তিতে সোহরাবকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সময় তিনি কোথায় ছিলেন এবং অন্য কারও সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

