শখের চাষে বাজিমাত, হাসানুরের খেতে বাহারি তরমুজ

স্থানীয় কৃষক বাবলু বলেন, ‘আমাদের এলাকায় সাধারণত এভাবে তরমুজ চাষ করতে দেখা যায় না। হাসানুর অল্প জমিতে নতুন জাতের তরমুজ চাষ করে আমাদের মধ্যে আগ্রহ তৈরি করেছেন। তাঁর ক্ষেতের হলুদ ও সবুজ রঙের তরমুজ দেখতে খুবই সুন্দর। কৃষি অফিসের সহযোগিতা পেলে আমরাও এ ধরনের ফসল চাষে আগ্রহী হব।’
আরেক কৃষক জমির বলেন, ‘হাসানুরের তরমুজ চাষ আমাদের এলাকার জন্য ব্যতিক্রমী উদ্যোগ। অল্প জমিতে নতুন জাতের তরমুজ চাষ করা যায়, তা তাঁর ক্ষেত না দেখলে বুঝতে পারতাম না। ভালো ফলন ও ন্যায্য দাম পাওয়া গেলে ভবিষ্যতে এলাকার আরও কৃষক এ চাষে আগ্রহী হবেন।’
নিজের উদ্যোগ সম্পর্কে হাসানুর রহমান বলেন, ‘নিতান্তই শখের বশে তরমুজ চাষ করেছি। মাচায় ঝুলে থাকা তরমুজ দেখতে খুব ভালো লাগে। বিশেষ করে হলুদ রঙের তরমুজ সহজেই মানুষের নজর কাড়ে।’
মহম্মদপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাত জাহান শিলু বলেন, এ অঞ্চলের কৃষকেরা সাধারণত তরমুজ চাষ করেন না। তবে তরুণ কৃষি উদ্যোক্তা হাসানুর রহমানের উদ্যোগ প্রশংসনীয়। তাঁকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। তাঁর সাফল্য দেখে ভবিষ্যতে এলাকার অন্য কৃষকেরাও তরমুজ চাষে আগ্রহী হতে পারেন।

