এমপি আজিজের দলীয় পদ নিয়ে সিদ্ধান্ত দেবে বিএনপির হাইকমান্ড

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজের দলীয় পদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের হাইকমান্ড। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই বলে জানিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ।
শুক্রবার (৩০ অক্টোবর) জেলা বিএনপির জরুরি সভায় এ বিষয়ে আলোচনা হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আব্দুল আজিজের বিষয়ে দলীয় হাইকমান্ডকে মৌখিকভাবে জানানো হয়েছে। শিগগিরই লিখিতভাবেও বিষয়টি জানানো হবে বলে জানান আসাদুজ্জামান আসাদ।
জেলা বিএনপির সদস্যসচিব বলেন, গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাকে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে আরও দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
এদিকে শাকিলের মৃত্যুর এক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে সংসদ সদস্য আব্দুল আজিজের কিছু অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ার দাবি সামনে আসে। এ নিয়ে নাটোরের রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিও প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে নৈতিক স্খলনের অভিযোগ তুলে আব্দুল আজিজের সংসদ সদস্য পদ ও দলীয় পদ থেকে পদত্যাগের দাবি জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

