শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

পশারীর গার্ড অব অনারে বাধা: ৮ দিন পর বীর মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পিএম
পশারীর গার্ড অব অনারে বাধা: ৮ দিন পর বীর মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সভা

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর আট দিন পর প্রতিবাদ সভা করেছে পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মরা।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পিরোজপুর মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যুদ্ধকালীন ক্যাম্প কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির বাদল। প্রধান বক্তা ছিলেন যুদ্ধকালীন ক্যাম্প কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরদীদা খালেদ রবি এবং সভা সঞ্চালনা করেন সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সেন্টু।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দরাণী। এ ছাড়াও বক্তব্য দেন কাউখালী উপজেলার এস এম দুলাল, ভান্ডারিয়া উপজেলার মো. মতিউর রহমান, মঠবাড়িয়া উপজেলার মো. মাহাবুবুর রহমান, জিয়ানগর উপজেলার আব্দুর রশিদ হাওলাদার এবং নাজিরপুর উপজেলার আকরাম খান প্রমুখ। সভায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলার সাক্ষী হিসেবে পরিচিত পিরোজপুরের সমীর কুমার বাচ্চুসহ মুক্তিযোদ্ধা প্রজন্মের নেতারাও উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখে মানিক পশারীর মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে নতুন করে বিতর্ক ও আলোচনা শুরু হয়। তার ভাই চাঁনমিয়া পশারী অভিযোগ করেছেন, অর্থের বিনিময়ে তার ভাই সাঈদীর মামলায় সাক্ষী হয়েছিলেন এবং তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না।

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির বাদল বলেন, চাঁন পশারী কী বলেছেন এবং কেন বলেছেন সে বিষয়ে তারা অবগত নন।

মানিক পশারীর মৃত্যুর আট দিন পার হলেও কোনো মুক্তিযোদ্ধা তার কবরের পাশে গেছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুক্তিযোদ্ধা সংসদের নেতারা নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।

সভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন বলেন, অনেকে কে কে মুক্তিযোদ্ধা ছিলেন তা নিয়ে প্রশ্ন তুলছেন। এ সময় তিনি জহিরুল হককে দেখিয়ে বলেন, তার পরিবারের সবাই যুদ্ধের সময় ক্যাম্পে অবস্থান করেছেন। পিরোজপুরের মুক্তিযোদ্ধাদের মধ্যে কোনো গ্রুপিং নেই বলেও দাবি করেন তিনি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...