৪৫ ঘণ্টা পর অজ্ঞাতনামাদের আসামি করে মামলা, গ্রেপ্তার নেই

পাবনার সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে দুই রাজনৈতিক নেতাকে গুলি করে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে। তবে ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) ঘটনার ৪৫ ঘণ্টা পর বিকেল ৪টা ১০ মিনিটে নিহত শ্রমিক দল নেতা রিপন হোসেনের ভাই রুবেল হোসেন বাদী হয়ে আতাইকুলা থানায় মামলাটি করেন।
আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
তবে ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের কোনো সূত্র উদ্ঘাটন করা গেছে কি না, জানতে চাইলে প্রদীপ কুমার সাহা বলেন, এখনই কিছু বলা যাচ্ছে না। তবে তদন্ত চলছে।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে প্রতিপক্ষের গুলিতে দুজন নিহত হন। তাদের একজন হাটের ইজারাদার।

