শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ওয়ানস্টপ সার্ভিস দিলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম: মাসুদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম
ওয়ানস্টপ সার্ভিস দিলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম: মাসুদুজ্জামান

ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন দপ্তরে অতিরিক্ত অর্থ নেওয়া বন্ধ করে ওয়ানস্টপ সার্ভিস নিশ্চিত করা হলে শ্রমিকদের ৩০ হাজার নয়, ৪০ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া সম্ভব হতো বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নগরীর চাঁদমারি এলাকায় চেম্বার ভবনে শ্রমিক অসন্তোষ নিয়ে আয়োজিত এক জরুরি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও চেম্বারের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

সভায় মাসুদুজ্জামান সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ও সহিংসতার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘দুঃখজনক হলেও সত্যি, এটা আমাদের বাংলাদেশ। কিন্তু বিরোধী দলের যে ভূমিকা, এনসিপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা, সেটাও আমাদের কাছে, ব্যবসায়ীদের কাছে প্রশ্নবিদ্ধ, রহস্যজনক এবং হতাশাজনক মনে হয়েছে। কারণ, এই দেশ তো শেষ পর্যন্ত আমাদেরই। আমাদেরই আসলে সমস্যার সমাধান করতে হবে।’

সাম্প্রতিক শ্রমিক আন্দোলনের তিন দিনের অভিজ্ঞতাকে ভিন্ন প্রকৃতির উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়ার আগেই অপ্রয়োজনীয় পরিস্থিতি তৈরি করা হয়েছে। এতে কোনো মালিকের সংশ্লিষ্টতা ছিল না। মালিক-শ্রমিকের মতামতও নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

মাসুদুজ্জামান বলেন, কিছু নেতা শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরির দাবি তুলেছেন। তবে এ বিষয়ে মজুরি বোর্ড সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করে প্রায় ৬৭ থেকে ৬৮টি কারখানায় আগের দিনই হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর পেছনে বিভিন্ন ষড়যন্ত্র ও ইন্ধন রয়েছে বলেও তারা জানতে পেরেছেন বলে দাবি করেন তিনি।

শ্রমিকদের আন্দোলন প্রতিহত করা ব্যবসায়ীদের উদ্দেশ্য ছিল না উল্লেখ করে এই ব্যবসায়ী নেতা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজনৈতিক দলগুলোর সমন্বিত বক্তব্য ও সহযোগিতা প্রয়োজন ছিল। বিশেষ করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যসহ রাজনৈতিক নেতারা পাশে থাকলে পরিস্থিতি সামাল দেওয়া সহজ হতো।

মজুরি বোর্ডের সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্ট সবাইকে অপেক্ষা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মজুরি বোর্ড নির্ধারিত বেতন কাঠামো বাস্তবায়নে ব্যবসায়ীরা কখনো আপত্তি করেননি। এবারও সরকার ও মজুরি বোর্ড যে সিদ্ধান্ত দেবে, ব্যবসায়ীরা তা মেনে নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

ব্যবসায়ীদের ওপর বিভিন্ন দপ্তরে অতিরিক্ত অর্থ ব্যয়ের চাপের বিষয়টি তুলে ধরে মাসুদুজ্জামান বলেন, আপনাদের পয়সা না দিলে আমরা শ্রমিকদের ৩০ হাজার টাকা না, আরও ৪০ হাজার টাকা দিতে পারতাম। আমাদের ওয়ানস্টপ সার্ভিস দেন। শ্রমিকদের কত টাকা বেতন দিতে হয়, আমরা দেব।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...