রিয়ালের বড় জয়ে জিদানের রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আরবি লাইপজিগের বিপক্ষে ৪-১ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দলের জয়ে নিজে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে গোল করিয়ে আলো ছড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে। একই সঙ্গে তিনি ভাগ বসিয়েছেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের এক রেকর্ডে। এই মঞ্চে তাঁর সামনে এখন শুধুই করিম বেনজেমা।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই লাইপজিগকে চেপে ধরে রিয়াল। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে দারুণ বুদ্ধিমত্তায় হেডের মাধ্যমে বল বাড়িয়ে আর্দা গুলারকে দিয়ে দলের দ্বিতীয় গোলটি করান এমবাপ্পে। এরপর খেলা শেষ হওয়ার সাত মিনিট আগে চমৎকার ফিনিশিংয়ে নিজেও নাম লেখান গোলদাতার তালিকায়।
ক্রীড়া পরিসংখ্যানবিষয়ক সংস্থা অপ্টার দেওয়া তথ্যমতে, চ্যাম্পিয়নস লিগে এটি ছিল এমবাপ্পের ২৬তম অ্যাসিস্ট। ফরাসি ফুটবলারদের মধ্যে এই প্রতিযোগিতায় সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় তিনি এখন যৌথভাবে দ্বিতীয় স্থানে। এতদিন এককভাবে ২৬টি অ্যাসিস্ট নিয়ে এই অবস্থানে ছিলেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী তারকা জিনেদিন জিদান।
ইউরোপের শীর্ষ এই টুর্নামেন্টে ফরাসিদের মধ্যে সবচেয়ে বেশি অ্যাসিস্টের কীর্তি করিম বেনজেমার। সাবেক এই রিয়াল তারকার ঝুলিতে আছে ২৭টি অ্যাসিস্ট। বেনজেমার রেকর্ড ছুঁতে এমবাপ্পের দরকার আর মাত্র একটি অ্যাসিস্ট। এদিকে ২৫টি অ্যাসিস্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ফ্রান্সের আরেক সাবেক তারকা থিয়েরি অঁরি।
লাইপজিগকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে রিয়াল মাদ্রিদের পয়েন্ট দাঁড়াল ৯। সমান পয়েন্ট থাকলেও গোল পার্থক্যে এগিয়ে থেকে সবার ওপরে অবস্থান করছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই। রিয়াল অবস্থান করছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। অন্যদিকে, তিন পয়েন্ট পাওয়া লাইপজিগের অবস্থান ২৯ নম্বরে।

