চন্দরপলের ফিফটিতে ব্যবধান কমাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের লাইভ ব্লগে সবাইকে স্বাগতম।
প্রথম দিনটা বাংলাদেশের জন্য সম্ভাবনাময় হলেও দ্বিতীয় দিনের শুরুতেই বদলে যায় ম্যাচের চিত্র। ৩ উইকেটে ২১৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা বাংলাদেশ শেষ ৭ উইকেট হারায় মাত্র ৫৯ রানে। আগের দিন ৯৯ রানে অপরাজিত থাকা সাদমান ইসলাম সেঞ্চুরি পূর্ণ করলেও ১০৫ রানের বেশি এগোতে পারেননি। ক্যারিবীয় স্পিনার জোমেল ওয়ারিক্যান ৫৩ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে অলআউট করেন ২৭২ রানে।
জবাবে ব্যাট করতে নেমে জন ক্যাম্পবেলের ৫৪ রানে ভালো অবস্থানে পৌঁছেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের ঘূর্ণিতে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। শেষ পর্যন্ত বৃষ্টি ও আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে ৪ উইকেটে ১৩৪ রান তোলে তারা।
তৃতীয় দিনের শুরুতে প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ১৩৮ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। হাতে ৬ উইকেট। এখান থেকে ম্যাচ কোন দিকে মোড় নেয়, সেটিই এখন দেখার অপেক্ষা।

