প্রথমবারের মতো টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল, বাজারে আসছে কবে

অ্যাপলের ভাষ্য অনুযায়ী, টাচ সেন্সরটি ডিসপ্লের ওপর আলাদা স্তর হিসেবে বসানো হয়নি; বরং ডিসপ্লের ভেতরেই সংযুক্ত করা হয়েছে। এতে স্ক্রিনে আঙুল চালানো ও স্ক্রল করার সময় প্রতিক্রিয়া জানাতে কম সময় লাগবে এবং ল্যাটেন্সি কমবে।
টাচস্ক্রিন ল্যাপটপ নিয়ে অ্যাপলের পুরোনো অবস্থান
টাচস্ক্রিন ল্যাপটপের বাজার এক দশকেরও বেশি পুরোনো। ২০১২ সালে উইন্ডোজ ৮ উন্মোচনের মাধ্যমে কম্পিউটার শিল্পকে টাচস্ক্রিন প্রযুক্তির দিকে এগিয়ে নেওয়ার বড় উদ্যোগ নিয়েছিল মাইক্রোসফট। অপারেটিং সিস্টেমটিতে স্মার্টফোন ও ট্যাবলেটের মতো বড় টাইলস-আকৃতির আইকন ব্যবহার করা হয়েছিল। তবে ব্যবহার ও নেভিগেশনের ক্ষেত্রে জটিলতার কারণে এটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে।
সে সময় টাচস্ক্রিন ল্যাপটপের হার্ডওয়্যারেও নানা সীমাবদ্ধতা ছিল। ডিভাইসগুলো ছিল ভারী, ব্যয়বহুল এবং ট্যাবলেট হিসেবে ব্যবহারের জন্য অস্বস্তিকর। ফলে স্মার্টফোন ও ট্যাবলেটের দ্রুত উত্থানের সঙ্গে তাল মেলাতে পিসি নির্মাতাদের বেশ বেগ পেতে হয়েছিল। ২০১৩ সালে এক অনুষ্ঠানে অ্যাপলের তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর এমন উদ্যোগের সমালোচনা করেছিলেন। বর্তমানে তিনি অ্যাপলের পরিচালনা পর্ষদের নির্বাহী চেয়ারম্যান।

