স্পেনে লুটপাটের আশঙ্কায় শপিং মল-দোকানের কাচ ঢেকে দিলেন ব্যবসায়ীরা

হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের আশঙ্কায় স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্সেলোনায় ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলোর অসংখ্য শপিং মল, দোকান, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠানের কাচের দরজা, জানালা এবং পণ্যের প্রদর্শনী কক্ষ কাঠের পাটাতন, মোটা কার্ডবোর্ড ও ধাতব আবরণ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। কোথাও কোথাও দোকানের সামনের পুরো কাচের অংশই ঢেকে রাখা হয়েছে, যাতে বাইরে থেকে ভাঙচুর বা পাথর নিক্ষেপের ঘটনা ঘটলেও ভেতরের পণ্য ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো যায়।
স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম ও বার্তা আদান-প্রদানের মাধ্যমে ‘ব্লোকুস’ নামের একটি গোষ্ঠীর জমায়েতের আহ্বানকে কেন্দ্র করে বার্সেলোনাসহ দেশটির বিভিন্ন শহরে উদ্বেগ তৈরি হয়েছে। গত ২৪ অক্টোবর পর্যটন ও বন্দর নগরী বার্সেলোনার কেন্দ্রস্থলে সংঘটিত সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর নতুন করে এমন পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। ওই ঘটনায় শহরের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে হামলা, দোকানের কাচ ভাঙচুর এবং পণ্য লুটপাটের ঘটনা ঘটে। বার্সেলোনায় মিডিয়া মার্কেটসহ নামিদামি অনেক ব্র্যান্ডের শোরুমে লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এবার ব্যবসায়ীরা আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন।
বার্সেলোনা শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা প্লাসা দে কাতালুনিয়া, পাসেই দে গ্রাসিয়া, পোর্তাল দে লআঞ্জেল এবং আশপাশের সড়কগুলোতে দোকানের সামনে বিশেষ নিরাপত্তাব্যবস্থা চোখে পড়ছে। আন্তর্জাতিক ব্র্যান্ডের পোশাকের দোকান, স্বর্ণালংকারের বিপণি, ব্যাংক, ছোট ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শুরু করে স্থানীয় বিপণিবিতানগুলোও নিজেদের সম্পদ রক্ষায় সতর্ক অবস্থান নিয়েছে। অনেক দোকান তাদের প্রদর্শনী কক্ষের মূল্যবান পণ্য সরিয়ে নিরাপদ স্থানে রেখেছে। কোনো কোনো ব্যবসা প্রতিষ্ঠান দোকানের সামনের কাচ পুরোপুরি ঢেকে দিয়েছে, আবার কোথাও কাঠের শক্ত পাটাতন বসানো হয়েছে।
ব্যবসায়ীদের আশঙ্কা, সংঘর্ষ বা লুটপাটের ঘটনা ঘটলে শুধু দোকানের কাচ কিংবা আসবাবপত্র নয়, ভেতরে থাকা দামি পণ্য ও নগদ অর্থও ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে সম্ভাব্য ঝুঁকি কমাতে আগাম অর্থ ব্যয় করে সুরক্ষাব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাতালোনিয়ার আঞ্চলিক পুলিশ বার্সেলোনায় বিশেষ নিরাপত্তা অভিযান পরিচালনার প্রস্তুতি নিয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বাণিজ্যিক এলাকা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাট ঠেকাতে পুলিশের টহল, তল্লাশি এবং নজরদারি জোরদার করা হয়েছে। বিশেষ করে শহরের কেন্দ্রস্থলে জনসমাগমের ওপর নজর রাখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গণপরিবহন ব্যবস্থায়ও সতর্কতা বাড়ানো হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

