এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ

নেপালের এভারেস্ট অঞ্চলে অবতরণের সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে এক বিদেশি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সংঘর্ষের পর হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে নেপালের পুলিশ ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটের দিকে সোলুখুম্বু জেলার এভারেস্ট বেস ক্যাম্পের কাছের একটি তুষারাবৃত এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপমুখপাত্র জ্ঞানেন্দ্র ভূল বিবিসিকে জানান, লুকলা থেকে আসা একটি হেলিকপ্টার এবং গোরখপুর থেকে ফিরে আসা আরেকটি হেলিকপ্টার একই স্থানে অবতরণের চেষ্টা করছিল। এ সময় তাদের মধ্যে সংঘর্ষ হয়।
সোলুখুম্বুর সহকারী প্রধান জেলা কর্মকর্তা ভূপেন্দ্র থাপা একজন বিদেশি পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহত ব্যক্তির জাতীয়তা জানা যায়নি।
জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নবীন রাজা বুধাথোকি বার্তা সংস্থা এএফপিকে বলেন, নিহত ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। আহত অপর ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে।
আহত ব্যক্তিকে প্রথমে হেলিকপ্টারে করে লুকলায় নেওয়া হয় বলে জানিয়েছেন ভূপেন্দ্র থাপা।
দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। জ্ঞানেন্দ্র ভূলের প্রাথমিক ধারণা, তুষারে ঢাকা থাকার কারণে হেলিকপ্টার দুটি নির্ধারিত হেলিপ্যাডের পরিবর্তে অন্য স্থানে অবতরণের চেষ্টা করে থাকতে পারে।
কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় জড়িত হেলিকপ্টার দুটি ফিশটেইল এয়ার ও এয়ার ডাইনেস্টির মালিকানাধীন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে কর্তৃপক্ষ।
পর্যটক ও পর্বতারোহীদের যাতায়াত, সরঞ্জাম পরিবহন এবং জরুরি উদ্ধারকাজে নেপালের দুর্গম পার্বত্য এলাকায় ছোট হেলিকপ্টার ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবে দুর্গম ভূপ্রকৃতি ও দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার কারণে দেশটিতে আকাশপথে চলাচল ঝুঁকিপূর্ণ। বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গের আটটিই নেপালে অবস্থিত। এর মধ্যে রয়েছে মাউন্ট এভারেস্ট। প্রতি বছর হাজার হাজার বিদেশি পর্বতারোহী ও পর্যটক দেশটিতে যান।

