বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা এশিয়ার এক দেশের

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পিএম
নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা এশিয়ার এক দেশের

বিশ্বজুড়ে যুদ্ধ, ভূরাজনৈতিক উত্তেজনা, সাইবার হামলা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে নাগরিকদের জরুরি অবস্থা মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছে ইউরোপীয় দেশগুলোর সরকার। তবে এবার ইউরোপ বা পশ্চিমা কোনো দেশ নয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডও নাগরিকদের ৭২ ঘণ্টা বা তিন দিনের জন্য বাড়িতে খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য জরুরি সামগ্রী মজুত রাখার পরামর্শ দিয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দেশটির দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন অধিদপ্তর (ডিডিপিএম) নাগরিকদের এ পরামর্শ দেয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নেশন থাই।

প্রতিবেদনে বলা হয়, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে যেন ৭২ ঘণ্টা নিজেদের প্রয়োজন মেটানো যায়, সে জন্য থাই নাগরিকদের পর্যাপ্ত অত্যাবশ্যকীয় সামগ্রীসহ একটি জরুরি ব্যাগ প্রস্তুত রাখতে বলা হয়েছে। ব্যাগে থাকতে হবে প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ ও অন্যান্য জরুরি সামগ্রী।

জরুরি এই ব্যাগ শুধু বৈশ্বিক সংঘাতের পরিস্থিতি মোকাবিলার জন্য নয়। আকস্মিক বন্যা, ভূমিধস ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ, রোগের প্রাদুর্ভাব, অগ্নিকাণ্ড, দাঙ্গা এবং অন্যান্য জরুরি পরিস্থিতিতেও এটি কাজে আসবে। খাবার, পানি ও ওষুধের পাশাপাশি ব্যাগে যোগাযোগের সরঞ্জাম, গুরুত্বপূর্ণ নথিপত্র, নগদ টাকা ও পোশাক রাখার পরামর্শ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ডিডিপিএমের সুপারিশ অনুযায়ী, প্রত্যেকের জন্য প্রতিদিন অন্তত তিন লিটার পানীয় জল রাখতে হবে। পাশাপাশি মজুত রাখতে হবে প্রস্তুত খাবার ও শক্তি জোগায় এমন শুকনো খাবার। শিশু, বয়স্ক ব্যক্তি ও বিশেষ স্বাস্থ্যগত চাহিদা রয়েছে, এমন ব্যক্তিদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা রাখতে হবে।

যোগাযোগের সরঞ্জামের মধ্যে থাকতে হবে মুঠোফোন, পাওয়ার ব্যাংক, টর্চলাইট, অতিরিক্ত ব্যাটারি, ব্যাটারিচালিত রেডিও ও হুইসেল। ডিডিপিএমের তালিকায় আরও রয়েছে মোমবাতি, লাইটার, নোটবুক, কলম, পকেট ছুরি, কাঁচি, দড়ি ও টেপ।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...