শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে হামলায় নিহত তৌফিক হোসেনের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে নিহত তৌফিকের বাড়িতে যান গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। এ সময় তিনি তৌফিকের স্ত্রী সেতু মনি, ভাই হারুন উর রশিদসহ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া এক লাখ টাকা পরিবারের সদস্যদের হাতে তুলে দেন তিনি।

এদিকে ভিডিও কলের মাধ্যমে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সব সময় তাদের পাশে থাকার আশ্বাস দেন।
মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও আশ্বাস দেন তিনি।

