ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে: ভ্যান্স

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবির পেছনে দুটি প্রধান কারণ চিহ্নিত করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তার মতে, ইরানের সঙ্গে যুদ্ধ এবং ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়টি ভোটারদের মধ্যে রিপাবলিকানদের প্রতি অসন্তোষ তৈরিতে ভূমিকা রেখেছে।
৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনের পরদিন প্রকাশিত ফলাফলে দেখা যায়, কংগ্রেসের উভয় কক্ষেই জয় পেয়েছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ হারিয়েছে ক্ষমতাসীন রিপাবলিকানরা। এ ফল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের জন্য বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, নির্বাচনের ফলাফল ট্রাম্প প্রশাসনের নীতি ও কর্মকাণ্ডের প্রতি ভোটারদের অসন্তোষের প্রতিফলন।
নির্বাচনের ফল প্রকাশের পর বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভ্যান্স বলেন, ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প-ভ্যান্স জোটকে ভোট দেওয়া অনেক সমর্থক এবার ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দিয়েছেন। আর এ কারণেই বিরোধী দল ঐতিহাসিক সাফল্য পেয়েছে।
ভ্যান্সের ভাষ্য অনুযায়ী, কয়েকজন জনমত জরিপকারীর সঙ্গে আলোচনা করে দলত্যাগী ভোটারদের কাছে জানতে চাওয়া হয়েছিল, কী পরিবর্তন আনলে তারা আবার রিপাবলিকানদের সমর্থন করবেন। তাদের প্রতিক্রিয়ায় চারটি বিষয় গুরুত্ব পেয়েছে। এগুলো হলো ইরান যুদ্ধ বন্ধ করা, জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মনোযোগ দেওয়া, ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুসরণ এবং ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ধরনে পরিবর্তন আনা।
পোস্টে ভ্যান্স আরও এক রক্ষণশীল মার্কিন গণমাধ্যম ব্যক্তিত্বের পরামর্শের কথা উল্লেখ করেন। ওই ব্যক্তি ইরান সংঘাত সামরিক উপায়ে নয়, বরং কূটনৈতিকভাবে সমাধানের আহ্বান জানিয়েছিলেন।
ভ্যান্স বলেন, এখন বোঝা যাচ্ছে, তার রাজনৈতিক মূল্যায়ন সঠিক ছিল। নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ ছিল এই যুদ্ধ। তার দাবি, প্রেসিডেন্ট ট্রাম্পও নির্বাচনের পর এ বিষয়ে একই ধরনের মন্তব্য করেছেন।

