কানাডায় গ্রিজলি ভালুকের আক্রমণে মা–মেয়ের মৃত্যু

ব্রিটিশ কলাম্বিয়া কনজারভেশন অফিসার সার্ভিস (বিসিসিওএস) জানিয়েছে, প্রদেশের বেলা কুলা এলাকার একটি হাঁটার পথের কাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পাওয়া আলামত থেকে ধারণা করা হচ্ছে, কোনো বন্য প্রাণী এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। এ ঘটনায় জড়িত থাকতে পারে এমন ভালুকের সন্ধানে কাজ করছেন বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তারা।
কর্মকর্তারা জানান, অনুসন্ধান অভিযানের সময় সোমবার জেনিফার বালকারাসের মরদেহ এবং মঙ্গলবার তার মেয়ে সেলাহ রিডের মরদেহ উদ্ধার করা হয়। অভিযানে কনজারভেশন অফিসারদের পাশাপাশি রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) সদস্যরাও অংশ নেন।
বিসিসিওএসের পরিদর্শক জেফ টাইর বলেন, দুই নারীর মৃত্যুর ঘটনায় একাধিক ভালুক জড়িত ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কোনো ভালুককে আটক করা সম্ভব হলে সেটি পরীক্ষা করে দেখা হবে। তদন্তে হামলার সঙ্গে কোনো ভালুকের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে জননিরাপত্তার স্বার্থে প্রাদেশিক মানব-বন্য প্রাণী সংঘাত মোকাবিলার নির্দেশিকা অনুযায়ী সেটিকে হত্যা করা হবে।

