বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের দাপটচাপা আতঙ্কের মধ্যে কড়া নিরাপত্তায় মধ্যাহ্নবিরতিতে পোশাক শ্রমিকরানতুন মডেলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল উত্তর কোরিয়াদুর্বৃত্তদের ছুরিকাঘাত: শঙ্কামুক্ত জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেজয়পুরহাটে সড়কে কিশোরের মৃত্যু, অগ্নিসংযোগ-ভাঙচুরে যান চলাচল বন্ধসোনামসজিদ স্থলবন্দরে চলছে তৃতীয় দিনের কর্মবিরতি, আটকা ৪৫০ পণ্যবাহী ট্রাকরোনালদোকে নিয়ে সৌদি সাংবাদিকের দাবিতে তুমুল বিতর্কবক্তব্য প্রত্যাহারে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে লিগ্যাল নোটিশবিশ্ববাজারে কমলো তেলের দামগণমাধ্যমকর্মীর ওপর চড়াও হলেন পরীমনি, করলেন গালিগালাজ
বিজ্ঞাপন

ট্রাম্পের প্রতিশ্রুতি বনাম বাস্তবতা: ক্ষমতাসীন রিপাবলিকানদের ঐতিহাসিক ভরাডুবির নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পিএম
ট্রাম্পের প্রতিশ্রুতি বনাম বাস্তবতা: ক্ষমতাসীন রিপাবলিকানদের ঐতিহাসিক ভরাডুবির নেপথ্যে

নির্বাচনের মাত্র ছয় দিন আগে ট্রাম্পের দুই ডজনের বেশি শীর্ষ রাজনৈতিক কৌশলবিদ একটি গোপন ভিডিও বৈঠকে অংশ নেন। বৈঠকের পরিবেশ ছিল হতাশাপূর্ণ। ট্রাম্পের প্রধান জনমত জরিপকারী টনি ফাব্রিজিও আলোচনার শুরুতেই পরিস্থিতিকে দুটি সম্ভাব্য ফলাফলে ভাগ করেন। প্রথমটি ছিল আশাবাদী। সেখানে ধারণা করা হয়েছিল, ট্রাম্পের ৪০০ মিলিয়ন ডলারের সুপার পিএসি কাঙ্ক্ষিত ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসতে পারবে।

দ্বিতীয় সম্ভাবনাটি ছিল ভয়াবহ পরাজয়ের। হোয়াইট হাউসের সাবেক উপপ্রধান কর্মকর্তা জেমস ব্লেয়ার রসিকতা করে বলেন, তিনি নিজের ব্যক্তিগত বিষয়গুলো গুছিয়ে নিচ্ছেন। অন্যদেরও একই প্রস্তুতি নেয়া উচিত। প্রায় আধঘণ্টার ওই আলোচনায় কারাগারে যাওয়া, ক্ষমা পাওয়া কিংবা দেশ ছেড়ে পালানোর মতো বিষয় নিয়েও বিদ্রূপ করা হয়। এসব কথোপকথনের বিবরণ দিয়েছেন বৈঠকে উপস্থিত কয়েকজন ব্যক্তি।

নির্বাচনের ফলাফল শেষ পর্যন্ত রিপাবলিকানদের আশঙ্কাকেই সত্য প্রমাণ করে। ডেমোক্রেটরা দুই কক্ষেই জয়ী হন।

এই বিপর্যয়ের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ছিল ট্রাম্পের প্রতিশ্রুতি ও বাস্তব কর্মকাণ্ডের মধ্যে বড় ধরনের ব্যবধান। নির্বাচনের আগে তিনি নতুন কোনো যুদ্ধে জড়াবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। অথচ তার দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে। একইভাবে জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েও তিনি তা বাস্তবায়ন করতে পারেননি। বরং যুদ্ধের কারণে জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বেড়ে যায়।

রিপাবলিকানদের পরাজয় তাই শুধু নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গের ফল ছিল না। এর সঙ্গে যুক্ত হয়েছিল ক্ষমতার অপব্যবহার, অতিরিক্ত আত্মবিশ্বাস এবং প্রেসিডেন্টের ব্যক্তিগত স্বার্থকে রাষ্ট্রীয় স্বার্থের ওপর প্রাধান্য দেয়ার অভিযোগ।

২০২১ সালের ৬ জানুয়ারির ঘটনার পর রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়া ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে এমন একটি পরিবেশ তৈরি করেন, যেখানে তার কিছু সহযোগী মনে করেছিলেন, তিনি নিজেকে রাজনৈতিক নিয়মের ঊর্ধ্বে ভাবতে শুরু করেছেন। তার পরিবার ও ঘনিষ্ঠ ব্যক্তিদের সম্পদ বৃদ্ধিতে প্রেসিডেন্সি ব্যবহারের অভিযোগও ক্রমাগত সামনে আসতে থাকে।

২০২৬ সালের নির্বাচনের আগে দুর্নীতি ভোটারদের অন্যতম প্রধান উদ্বেগে পরিণত হয়। ফক্স নিউজের একটি জনমত জরিপেও বিষয়টি উঠে আসে। যদিও হোয়াইট হাউস এসব অভিযোগ অস্বীকার করে জানায়, প্রেসিডেন্ট কেবল মার্কিন জনগণের স্বার্থেই কাজ করছেন।

এর আগে ২০২৫ সালে ট্রাম্পের শুরু করা বাণিজ্যযুদ্ধের নেতিবাচক প্রভাবও কৃষকদের মধ্যে অসন্তোষ বাড়ায়। কানসাস, টেক্সাস ও আইওয়ার মতো রাজ্যের কৃষকরা অর্থনৈতিক চাপের মুখে পড়েন।

অন্যদিকে দেশের সাধারণ মানুষ যখন দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ে উদ্বিগ্ন, তখন ট্রাম্পের বক্তব্যে বারবার উঠে আসে নতুন বলরুম, গলফ কোর্স এবং হোয়াইট হাউসের অভ্যন্তরীণ সাজসজ্জার প্রসঙ্গ। নির্বাচনের আগের দিনও তিনি ন্যাশনাল মলের রিফ্লেক্টিং পুল সংস্কার নিয়ে কথা বলেন এবং রসিকতা করে নিজের নামে সেটির নামকরণের সম্ভাবনার কথা জানান।

ডেমোক্রেটরা এই পরিস্থিতিকে নির্বাচনী প্রচারের প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করেন। তারা ট্রাম্প প্রশাসনের দুর্নীতি, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় এবং ক্ষমতাবানদের সুবিধা পাওয়ার বিষয়গুলোকে একই রাজনৈতিক বয়ানে নিয়ে আসেন। তাদের বক্তব্য ছিল, সাধারণ মানুষ অর্থনৈতিক সংকটে থাকলেও প্রেসিডেন্ট ও তার ঘনিষ্ঠ মহল নিজেদের স্বার্থসিদ্ধিতে ব্যস্ত।

নির্বাচনী কৌশলে ডেমোক্রেটদের অগ্রগতি

রিপাবলিকানরা নির্বাচনকে সাধারণ জ্ঞান ও উগ্র বামপন্থার মধ্যকার লড়াই হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন। তারা ডেমোক্রেটদের মধ্যে ক্রমবর্ধমান গণতান্ত্রিক সমাজতান্ত্রিক ধারাকে আক্রমণ করেন।

কিন্তু ট্রাম্পের নিজের জনমত জরিপকারীর চূড়ান্ত জরিপে দেখা যায়, ম্যাগা রাজনীতি এবং গণতান্ত্রিক সমাজতন্ত্র; দুটিই ভোটারদের কাছে জনপ্রিয় ছিল না। তবে ম্যাগা পরিচয়ের সঙ্গে আরও বেশি নেতিবাচক ধারণা যুক্ত হয়েছিল।

যেসব রিপাবলিকান ভোটার ভোট দিতে আগ্রহী ছিলেন না, তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল কী করলে তারা ভোটকেন্দ্রে ফিরবেন। তাদের প্রধান দুটি উত্তর ছিল যুদ্ধ বন্ধ করা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা।

অন্যদিকে ডেমোক্রেটরা প্রচারণার শুরু থেকেই নির্বাচনী এলাকার পরিধি বাড়ানোর পরিকল্পনা করেন। তারা রিপাবলিকানদের শক্ত ঘাঁটিতেও প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম এমন প্রার্থী খুঁজতে থাকেন। সিনেটের জন্য সাবেক গভর্নর রয় কুপার ও সাবেক সিনেটর শেরড ব্রাউনের মতো পরিচিত নেতাদের নির্বাচনে রাজি করানো হয়।

প্রতিনিধি পরিষদেও তারা এমন প্রার্থীদের মনোনয়ন দেন, যাদের রাজনৈতিক পরিচয়ের চেয়ে পেশাগত ও সামাজিক পরিচিতি বেশি গুরুত্বপূর্ণ ছিল। সামরিক বাহিনীর সাবেক সদস্য, চিকিৎসক, কৃষক, দাবানল মোকাবিলায় কাজ করা কর্মী এবং সংগীতশিল্পীদের মতো ব্যক্তিদের প্রার্থী করা হয়।

ডেমোক্রেটদের ধারণা ছিল, রিপাবলিকানদের শক্ত ঘাঁটির ভোটারদের কাছে পেশাদার রাজনীতিবিদদের তুলনায় এসব প্রার্থী বেশি গ্রহণযোগ্য হবেন।

প্রার্থী বাছাইয়ে ট্রাম্পের ভুল

ডেমোক্রেট নেতা চাক শুমার যখন দক্ষতার সঙ্গে সিনেটের জন্য শক্তিশালী প্রার্থী নির্বাচন করছিলেন, তখন ট্রাম্পের একের পর এক সিদ্ধান্ত রিপাবলিকানদের জন্য নতুন সমস্যা তৈরি করে।

আইওয়ার সিনেটর জোনি আর্নস্ট এবং উত্তর ক্যারোলাইনার সিনেটর থম টিলিস ট্রাম্পের কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। পরবর্তী সময়ে ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিরা তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে হুমকি দেন। শেষ পর্যন্ত দুজনই অবসরের সিদ্ধান্ত নেন। এতে রিপাবলিকানদের দুটি গুরুত্বপূর্ণ আসন ঝুঁকির মধ্যে পড়ে।

উত্তর ক্যারোলাইনায় ট্রাম্প মাইকেল হোয়াটলিকে সমর্থন দেন। তিনি রিপাবলিকান ন্যাশনাল কমিটির সাবেক চেয়ারম্যান হলেও নির্বাচনী প্রচারণায় নিজেকে শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠা করতে পারেননি। শেষ পর্যন্ত সাবেক ডেমোক্রেট গভর্নর রয় কুপারের কাছে পরাজিত হন।

দক্ষিণ ক্যারোলাইনায় লিন্ডসে গ্রাহামের মৃত্যুর পর তার বোন ডারলিন গ্রাহামকে পূর্ণ মেয়াদের জন্য নির্বাচনে দাঁড়ানোর সমর্থন দেন ট্রাম্প। কিন্তু তার রাজনৈতিক অভিজ্ঞতা ও অর্থ সংগ্রহের সক্ষমতা নিয়ে প্রশ্ন ছিল। শেষ পর্যন্ত তিনি ডেমোক্রেট প্রার্থী অ্যানি অ্যান্ড্রুজের কাছে হেরে যান।

তবে রিপাবলিকানদের জন্য সবচেয়ে বড় সমস্যা তৈরি করেন টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন। নানা বিতর্ক ও কেলেঙ্কারির কারণে তার নির্বাচনী গ্রহণযোগ্যতা নিয়ে আগে থেকেই উদ্বেগ ছিল। তা সত্ত্বেও ট্রাম্প বর্তমান সিনেটর জন কর্নিনের পরিবর্তে প্যাক্সটনকে সমর্থন করেন।

প্যাক্সটনের পক্ষে বিপুল অর্থ ব্যয় করেও রিপাবলিকানরা প্রত্যাশিত ফল পাননি। ফলে অন্য রাজ্যে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সহায়তায় এই অর্থ ব্যবহার করার সুযোগ নষ্ট হয়। টেক্সাসের নির্বাচনে প্যাক্সটনের পরাজয় রিপাবলিকানদের কৌশলগত ভুলকে আরও স্পষ্ট করে তোলে।

ট্রাম্পের সহযোগীদের মধ্যেও এ নিয়ে অসন্তোষ বাড়ছিল। এক বৈঠকে জেমস ব্লেয়ার মন্তব্য করেছিলেন, দলের সবচেয়ে বড় শত্রু আসলে দল নিজেরাই।

ডেমোক্রেটদের দীর্ঘমেয়াদি প্রস্তুতি

২০২৫ সালের মে মাসে সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পরিকল্পনা নিয়ে নিউইয়র্কের হাডসন ভ্যালিতে দাতা ও দলীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন চাক শুমার।

ডেমোক্রেটদের লক্ষ্য ছিল নিজেদের সব আসন ধরে রাখার পাশাপাশি রিপাবলিকানদের কাছ থেকে অন্তত চারটি আসন ছিনিয়ে নেয়া। এ লক্ষ্য অর্জনে শুমার কয়েক মাস ধরে রয় কুপারকে নির্বাচনে অংশ নিতে রাজি করানোর চেষ্টা করেন। একইভাবে ওহাইওর সাবেক সিনেটর শেরড ব্রাউনকেও পুনরায় নির্বাচনে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন।

শুমার ব্রাউনকে বোঝান, তিনি নির্বাচনে অংশ না নিলে এবং ডেমোক্রেটরা অল্প ব্যবধানে সিনেটের নিয়ন্ত্রণ হারালে ভবিষ্যতে সেই সিদ্ধান্তের জন্য অনুশোচনা করতে পারেন। শেষ পর্যন্ত দুজনই নির্বাচনে অংশ নেন এবং জয়ী হন।

প্রতিনিধি পরিষদের ক্ষেত্রেও ডেমোক্রেটরা নতুন পরিকল্পনা গ্রহণ করেন। ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প যেসব এলাকায় ১০ শতাংশ বা তার বেশি ব্যবধানে জয়ী হয়েছিলেন, সেসব এলাকাকে লক্ষ্য করে তারা প্রার্থী খুঁজতে শুরু করেন।

দলের পর্যালোচনায় দেখা যায়, সফল প্রার্থীদের মধ্যে দুটি বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ ছিল; মধ্যপন্থী রাজনৈতিক অবস্থান এবং অর্থনৈতিক সমস্যা নিয়ে স্পষ্ট বক্তব্য।

তাই তারা এমন প্রার্থীদের অগ্রাধিকার দেন, যাদের সাধারণ ভোটাররা সহজে গ্রহণ করতে পারেন এবং যারা পেশাদার রাজনীতিবিদ হিসেবে পরিচিত নন।

নির্বাচনী এলাকার সীমানা নিয়ে রাজনৈতিক সংঘাত

রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে ট্রাম্প প্রশাসন প্রতিনিধি পরিষদের নির্বাচনী এলাকার সীমানা নতুন করে নির্ধারণের উদ্যোগ নেয়।

২০২৫ সালের বসন্তে তৎকালীন উপপ্রধান স্টাফ জেমস ব্লেয়ার ট্রাম্পের কাছে একটি পরিকল্পনা উপস্থাপন করেন। এর লক্ষ্য ছিল দশক শেষ হওয়ার আগেই বিভিন্ন রাজ্যে নির্বাচনী এলাকার সীমানা পরিবর্তন করে রিপাবলিকানদের জন্য বাড়তি আসন নিশ্চিত করা।

টেক্সাসে শুরু হওয়া এই উদ্যোগ অন্য রিপাবলিকান-নিয়ন্ত্রিত রাজ্যেও ছড়িয়ে পড়ে। হাকিম জেফ্রিস এই পরিকল্পনার বিরোধিতা করেন এবং টেক্সাসে গিয়ে রাজ্য আইনপ্রণেতাদের এর বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান জানান। ডেমোক্রেট আইনপ্রণেতারা প্রক্রিয়াটি বাধাগ্রস্ত করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত রিপাবলিকানরা টেক্সাসে নিজেদের জন্য পাঁচটি বাড়তি সুবিধাজনক আসন তৈরি করতে সক্ষম হন।

এর জবাবে ক্যালিফোর্নিয়ায় গভর্নর গ্যাভিন নিউসমের উদ্যোগে ডেমোক্রেটদের অনুকূলে পাঁচটি আসন তৈরির পরিকল্পনা অনুমোদিত হয়। ভার্জিনিয়াতেও একই ধরনের উদ্যোগ নেয়া হয়। তবে সেখানে আদালতের হস্তক্ষেপে সেই পরিকল্পনা বাতিল হয়।

শুরুতে ব্লেয়ার মনে করেছিলেন, এই কৌশল রিপাবলিকানদের নির্বাচনী সুবিধা নিশ্চিত করবে। কিন্তু নির্বাচনের আগে পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। ডেমোক্রেটদের নির্বাচনী সাফল্য এবং বিভিন্ন রাজ্যে পাল্টা সীমানা পুনর্নির্ধারণের উদ্যোগ রিপাবলিকানদের পরিকল্পনাকে দুর্বল করে দেয়।

নির্বাচনের সময় দেখা যায়, নতুন করে সাজানো বহু নির্বাচনী এলাকাতেও ডেমোক্রেটরা জয়ী হচ্ছেন।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...