শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

২৮ মে শুরু হচ্ছে নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা, থাকছে চার দিনের আয়োজন

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪২ এএম
২৮ মে শুরু হচ্ছে নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা, থাকছে চার দিনের আয়োজন

দীর্ঘ ৩৬ বছরের পথচলা পেরিয়ে তিন যুগ পূর্তি উদ্‌যাপন করতে যাচ্ছে নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। আগামী ২৮ থেকে ৩১ মে ২০২৭ পর্যন্ত নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে চার দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে।

মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ বইমেলা প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা এবং প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দীর্ঘ পথচলায় এটি প্রবাসী বাঙালিদের সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছে।

মেলার আয়োজকেরা জানিয়েছেন, গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও মূল আয়োজন অনুষ্ঠিত হবে নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে (জেপিএসি)। মেলার ঠিকানা ১৫৩-১০ জ্যামাইকা অ্যাভিনিউ, জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩২।

তিন যুগ পূর্তির এ আয়োজনকে আন্তর্জাতিক পরিসরে আরও বর্ণাঢ্য করে তুলতে বাংলাদেশ, পশ্চিমবঙ্গসহ বিশ্বের বিভিন্ন দেশের বাংলা প্রকাশনা সংস্থাগুলোকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। আগ্রহী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে আগামী ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে নিবন্ধন সম্পন্ন করে অংশগ্রহণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।

আয়োজকদের আশা, তিন যুগের অভিজ্ঞতা ও অর্জনকে ভিত্তি করে এবারের বইমেলা বাংলা প্রকাশনা জগতের সঙ্গে যুক্ত লেখক, পাঠক ও প্রকাশকদের মধ্যে নতুন সেতুবন্ধ তৈরি করবে। পাশাপাশি প্রবাসে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা এবং নতুন প্রজন্মের কাছে বাংলা সাহিত্য ও সংস্কৃতি পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও মেলাটি ভূমিকা রাখবে।

মেলা সম্পর্কে সর্বশেষ তথ্য, নিবন্ধন নির্দেশিকা ও বিস্তারিত জানতে আয়োজকদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

ওয়েবসাইট: www.nyboimela.org] (http://www.nyboimela.org) ফেসবুক: [www.facebook.com/newyorkboimela

(http://www.facebook.com/newyorkboimela)

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...