ইনস্ট্যান্ট নুডলস খাওয়ার তালিকায় কোন দেশ এগিয়ে

তালিকার শীর্ষে চীন ও হংকং
মোটের ওপর নুডলস ব্যবহারের বিচারে অন্য কোনো দেশ চীন ও হংকংয়ের ধারেকাছেও নেই। ২০২০ সালের হিসাব অনুযায়ী, কেবল চীন ও হংকংজুড়ে ৪৬.৪ বিলিয়ন সার্ভিং নুডুলস খাওয়া হয়েছে। যা বিশ্বব্যাপী মোট চাহিদার প্রায় ৩৯.৮ শতাংশ। অর্থাৎ প্রতি পাঁচটি বাটির প্রায় দুটিই তাদের পেটে যায়। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া (১২.৬ বিলিয়ন সার্ভিং বা ১০.৮ শতাংশ)। এটি বিশ্বখ্যাত ‘ইন্দোমি’ ব্র্যান্ডের দেশ। এর পরপরই রয়েছে ভিয়েতনাম (৭.০ বিলিয়ন) এবং ভারত (৬.৭ বিলিয়ন)। তবে ভারতের অবস্থান এখন ক্রমান্বয়ে তৃতীয় স্থানে উঠে আসছে। এমনকি নাইজেরিয়ার মতো দেশও শীর্ষ ১০-এর তালিকায় স্থান করে নিয়েছে। তবে মজার ব্যাপার হলো, মোট সংখ্যার বিচারে বড় দেশগুলো এগিয়ে থাকলেও ‘মাথাপিছু’ খাওয়ার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ভিয়েতনাম! ভিয়েতনামের একেকজন নাগরিক বছরে গড়ে ৮১ থেকে ৮৭ বাটি নুডুলস চেটেপুটে সাফ করে ফেলেন। যা বিশ্ব গড়ের তুলনায় প্রায় ছয় গুণ বেশি। অন্যদিকে, কে-ড্রামা দেখে ফ্যান হয়ে যাওয়া দক্ষিণ কোরিয়ার মানুষও কম যায় না; তারা সোনার রঙের টিনের পাত্রে রামেন খেয়ে মাথাপিছু ৭৯ বাটির রেকর্ড গড়েছে। আর যুক্তরাষ্ট্র এখন এই তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছে, যেখানে তারা সাধারণ চিকেন ব্রথ ছেড়ে একটু স্পাইসি এশিয়ান ফ্লেভারের দিকে ঝুঁকেছে।


