মেহেরপুরে দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের শাড়ি উপহার দিল জেলা বিএনপি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মেহেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এক হাজার শাড়ি বিতরণ করেছে জেলা বিএনপি। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে হিন্দু সম্প্রদায়ের মানুষের হাতে এসব শাড়ি তুলে দেওয়া হয়।
শনিবার বেলা ১১টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এই শাড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা আক্তার উর্মি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শওকত আরা আক্তার উর্মি বলেন, “ধর্মীয় পরিচয় যার যার, তবে রাষ্ট্রের অধিকার সবার সমান। সব ধর্মের মানুষের নিরাপত্তা, মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।” অতীতে যেভাবে মানুষের পাশে ছিলেন, ভবিষ্যতেও সেভাবেই থাকার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, নির্বাচনের পূর্বে তারেক রহমান যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।
বিশেষ অতিথির বক্তব্যে মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন বলেন, “বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। এখানে প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে ধর্ম পালন ও নিরাপদে বসবাসের অধিকার রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।” পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহাবস্থানের মাধ্যমেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন জানান, মেহেরপুরে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ধর্মীয় ভেদাভেদ ভুলে জেলার সব মানুষকে সমান মর্যাদা দেওয়া এবং একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোই তাঁদের মূল লক্ষ্য।
এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, রাজনীতি করার মূল উদ্দেশ্যই হওয়া উচিত মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণ নিশ্চিত করা। ধর্মীয় পরিচয় যা-ই হোক না কেন, প্রতিটি মানুষের আত্মমর্যাদা রক্ষা করা এবং তাদের পাশে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানটিতে মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম সঞ্চালনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়জ উদ্দিন, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন ও রোমানা আহমেদ এবং গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিমসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

