রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সাজেকে আবারও অবরোধ ঘোষণালংমার্চে সীমিত অংশগ্রহণ: জোটে থেকেও এনসিপির নিজের রাজনীতিতে জোরকল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলসন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজিরতফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটকনেহালপুর ইউপি নির্বাচন: তফসিলের আগেই মাঠ ও ফেসবুকে সরব প্রার্থীরারেস্টুরেন্টে তাহসিফ-দীপের সঙ্গে থাকা সেই নারী কে, কী ঘটেছিল টঙ্গীর বস্তিতেপল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত
বিজ্ঞাপন

আলমডাঙ্গায় ১৫০ টাকার জন্য কৃষক হত্যা: মূল অভিযুক্ত আরিফ কারাগারে, রিমান্ড চাইবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক১৯ অক্টোবর ২০২৬, ১২:০৬ পিএম
আলমডাঙ্গায় ১৫০ টাকার জন্য কৃষক হত্যা: মূল অভিযুক্ত আরিফ কারাগারে, রিমান্ড চাইবে পুলিশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমি চাষের মাত্র ১৫০ টাকা বকেয়া নিয়ে দ্বন্দ্বের জেরে কৃষক আব্দুস সালাম মালিথাকে (৪৮) পিটিয়ে হত্যার মামলায় মূল অভিযুক্ত আরিফ আদালতে আত্মসমর্পণ করেছেন। রবিবার দুপুরে চুয়াডাঙ্গা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

একই মামলায় আরিফের সঙ্গে তার বাবা শরিফ মণ্ডলও আদালতে আত্মসমর্পণ করেছিলেন। তবে আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেছেন।

ওসমানপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নবাব আলী জানান, আজ সোমবার আদালতে মামলার প্রয়োজনীয় নথিপত্র দাখিল করে প্রধান আসামি আরিফকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হবে।

যেভাবে ঘটনার সূত্রপাত

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর সোমবার সন্ধ্যায় মোড়ভাঙ্গা বাজারের একটি চপ-পেঁয়াজুর দোকানে পাওনা টাকা মেটানো নিয়ে কৃষক আব্দুস সালাম মালিথার সঙ্গে বাকবিতণ্ডা হয় ট্রাক্টর মালিক আরিফের। জমি চাষের বিল বাবদ দেড় হাজার টাকা দাবি করেছিলেন আরিফ। সালাম তাৎক্ষণিকভাবে এক হাজার ৩৫০ টাকা পরিশোধ করে বাকি ১৫০ টাকা পরে দেওয়ার কথা বলেন।

কিন্তু আরিফ পুরো টাকা একসঙ্গেই পেতে অনড় অবস্থান নেন। কথাকাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আরিফ দোকানের জ্বালানি কাঠের খড়ি তুলে সালামের মাথায় সজোরে আঘাত করেন। এতে সালাম রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেলে আরিফ তার বুক ও পিঠে বেধড়ক লাথি মেরে দ্রুত সটকে পড়েন।

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ও মামলা

মাথায় গুরুতর চোট পাওয়া কৃষক সালামকে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়েছিল। তবে অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত শনিবার দুপুর ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ময়নাতদন্তসহ আইনি আনুষ্ঠানিকতা শেষে শনিবার বিকেলেই মোড়ভাঙ্গা চর চাঁদপুর কবরস্থানে সালামের মরদেহ দাফন করা হয়।

হামলার পরপরই স্বজনরা আলমডাঙ্গা থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছিলেন। তবে ভুক্তভোগীর মৃত্যুর পর সেটিকে এখন হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে সালামের পরিবারে এখন শোকের মাতম চলছে। এই নির্মম হত্যাকাণ্ডের পেছনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসী ও নিহতের স্বজনেরা।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...