তরুণদের প্রথম বই প্রকাশের সুযোগ: পাণ্ডুলিপি আহ্বান করল ‘একুশের সংকলন’

বাংলা কবিতার নতুন কণ্ঠস্বরগুলোকে পাঠকের সামনে তুলে ধরতে এবং তরুণদের প্রথম বই প্রকাশের পথ সুগম করতে পাণ্ডুলিপি আহ্বান করেছে ‘একুশের সংকলন’। নবীন কবিদের সৃজনশীল প্রতিভাকে প্রণোদনা দেওয়ার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ছড়িয়ে দেওয়া এবং অমর একুশে বইমেলাকে আরও অর্থবহ করে তোলার ব্রত নিয়ে দুই দশকেরও বেশি সময় ধরে সংকলনটি নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। এর সম্পাদনার দায়িত্বে রয়েছেন কবি মারুফ রায়হান।
এই আয়োজনের অংশ হিসেবে আয়োজিত সাহিত্য উৎসবে থাকে নানা পর্ব। যেখানে নতুনদের প্রকাশিত বই নিয়ে দেশের অগ্রণী কবিদের সারগর্ভ আলোচনা, কবিতা থেকে আবৃত্তি, নবীন লেখকদের নিজস্ব ভাবনা প্রকাশ এবং পাঠকদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থা থাকে। এর মাধ্যমে একদিকে তরুণ কবিদের সাহিত্যিক পরিচিতি তৈরি হয়, অন্যদিকে কবিতার সঙ্গে সাধারণ পাঠকের ঘনিষ্ঠ মেলবন্ধন ঘটে।
একুশের বইমেলায় প্রকাশিত হাজারো নতুন বইয়ের ভিড় থেকে মানসম্মত ৫০টি বই নির্বাচন করে সংক্ষিপ্ত পরিচিতিসহ রঙিন ক্রোড়পত্র প্রকাশ এই সংকলনের আরেকটি বড় আকর্ষণ। পাঠকদের সুবিধার্থে এর ই-পেপার সংস্করণটি মুঠোফোনে পড়ার উপযোগী করে সাজানো হয়েছে। আগ্রহী পাঠকেরা www.banglamati.net/50-book ঠিকানায় প্রবেশ করে বিগত ১২ বছরের বাছাই করা বইগুলোর পরিচিতি দেখতে পারবেন।

