শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক১৯ অক্টোবর ২০২৬, ০৮:০৪ এএম
মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক সমাপ্ত হওয়ার পর ইশরাককে নিজের দপ্তরে ডেকে নিয়ে এ নির্দেশ দেন সরকারপ্রধান। এ তথ্য জানিয়েছে চুয়াডাঙ্গা ডট নেট।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী এক কর্মসূচিতে গিয়ে নিজের কাছে থাকা লাইসেন্স করা অস্ত্র উঁচিয়ে ধরেন ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হলে আত্মরক্ষার্থেই তিনি এমন পদক্ষেপ নিয়েছিলেন বলে দাবি করেন। একই সঙ্গে এ ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি সংবাদমাধ্যম খণ্ডিত ও বিকৃত তথ্য প্রচার করেছে বলেও অভিযোগ তোলেন তিনি। রোববার দুপুর ১২টা ২৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এসব কথা জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমের ওই বার্তায় ইশরাক হোসেন লেখেন, কর্মসূচি চলাকালে একটি অস্থায়ী ডেরার কাছাকাছি পৌঁছালে ৩০ থেকে ৩৫ জন উচ্ছৃঙ্খল ব্যক্তি মারমুখী হয়ে হঠাৎ তাদের গাড়িবহরের দিকে ছুটে আসে। এমন অবস্থায় সরাসরি হামলার আশঙ্কা তৈরি হওয়ায় জানমালের সুরক্ষায় তিনি ও তাঁর সরকারি নিরাপত্তারক্ষীরা গাড়ি থেকে নেমে আত্মরক্ষার স্বার্থে খুব অল্প সময়ের জন্য অস্ত্র উঁচিয়ে ধরেন।

প্রতিমন্ত্রী আরও দাবি করেন, ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিজস্ব গোয়েন্দা সূত্রে তাকে সতর্ক করা হয়েছিল। মাদক কারবারিরা ভবনের ছাদ থেকে হঠাৎ গুলিবর্ষণ করতে পারে—এমন নিরাপত্তাঝুঁকির তথ্যও ছিল। পরিস্থিতি শান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই অস্ত্রটি যথাস্থানে রেখে দেওয়া হয়। লাইসেন্স করা বৈধ আগ্নেয়াস্ত্রটির এই প্রদর্শনী আইনসম্মতভাবেই কেবল আত্মরক্ষার তাগিদে করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

গণমাধ্যমের খবরের সমালোচনা করে বিবৃতিতে প্রতিমন্ত্রী বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে চুয়াডাঙ্গা ডট নেটসহ মুষ্টিমেয় কয়েকটি গণমাধ্যম অতিউৎসাহী হয়ে খণ্ডিত তথ্য ও ফটোকার্ডের মাধ্যমে অপতথ্য ও বিকৃত সংবাদ পরিবেশন করেছে।’

তিনি দাবি করেন, অভিযানে পুলিশের তৎপরতা, ছয়জন অপরাধীকে গ্রেপ্তার এবং মাদক ও অস্ত্র উদ্ধারের মতো ইতিবাচক দিকগুলো সুপরিকল্পিতভাবে চেপে যাওয়া হয়েছে। ‘অস্ত্র হাতে প্রতিমন্ত্রীর অভিযান’—এমন চটকদার শিরোনামে তথ্য প্রচার করে বিভ্রান্তি তৈরি করা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতিমালার পরিপন্থি বলে উল্লেখ করেন তিনি। ভবিষ্যতে কোনো খবর প্রকাশের ক্ষেত্রে সত্যতা ও পুরো প্রেক্ষাপট যাচাইয়ের আহ্বানও জানান এই সংসদ সদস্য।

অভিযানের বিবরণ দিয়ে ইশরাক হোসেন জানান, ঘটনাস্থলে যাওয়ার পরপরই গেন্ডারিয়া থানায় খবর দেওয়া হয়েছিল। পরে পুলিশের উপস্থিতিতে পরিচালিত যৌথ অভিযানে ৪-৫টি অবৈধ মাদকের আস্তানা উচ্ছেদ করা হয়। সেখান থেকে হেরোইনজাতীয় মাদকদ্রব্য, বিদেশি মদ, সেবনের সরঞ্জাম, বেশ কিছু ধারালো দেশীয় অস্ত্র, মাদক বিক্রির নগদ অর্থ ও ছিনতাই করা মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...