এখন কত টাকা বেতন পান দেশের পোশাক শ্রমিকরা

দেশে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ১২ নভেম্বর সরকার সর্বশেষ মজুরি কাঠামো ঘোষণা করে এই বেতন নির্ধারণ করেছিল। তবে বর্তমান মজুরি কাঠামো পরিবর্তন করে সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে রাজধানীর মিরপুর ও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনাও ঘটেছে।
২০২৩ সালের মজুরি কাঠামো অনুযায়ী, পোশাক শ্রমিকদের জন্য পাঁচটি গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে প্রথম গ্রেডে সর্বোচ্চ মোট মাসিক মজুরি ১৪ হাজার ৭৫০ টাকা। দ্বিতীয় গ্রেডে ১৪ হাজার ১৫০ টাকা, তৃতীয় গ্রেডে ১৩ হাজার ৫৫০ টাকা, চতুর্থ গ্রেডে ১৩ হাজার ২৫ টাকা এবং পঞ্চম গ্রেডে সর্বনিম্ন ১২ হাজার ৫০০ টাকা।
অন্যদিকে, পোশাকশিল্পের কর্মচারীদের জন্য চারটি গ্রেডে মজুরি নির্ধারণ করা হয়েছিল। তাদের সর্বোচ্চ গ্রেডে মোট মাসিক মজুরি ১৮ হাজার ৮০০ টাকা। আর শিক্ষানবিশ কর্মচারীদের মজুরি ৯ হাজার ৯৫০ টাকা।

