‘মোস্তাফিজের চেয়ে ভালো কেউ নেই’

টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০-এর বেশি উইকেট নেওয়া মোস্তাফিজের বোলিং বৈচিত্র্যও রেনেগেডসের বড় ভরসা। বিশেষ করে তাঁর কাটার ও স্লোয়ার প্রতিপক্ষের ব্যাটারদের জন্য কতটা কঠিন, তা ভালো করেই জানেন অ্যাবট। অস্ট্রেলিয়ার দর্শকদের কাছেও মোস্তাফিজ পরিচিত মুখ। বিশ্বকাপে নিয়মিত খেলার পাশাপাশি তাঁর দ্য ফিজ পরিচিতিও দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করবে বলে মনে করেন তিনি।
অ্যাবট বলেন, ‘আমার মনে হয়, অস্ট্রেলিয়ার সমর্থকেরা মোস্তাফিজের সঙ্গে বেশ পরিচিত। বেশ কয়েক বছর ধরে তিনি বিশ্বকাপে খেলছেন। আমাদের সবার পরিচিত তাঁর আদুরে ডাকনাম ‘দ্য ফিজ’ নিয়েও আগ্রহ থাকবে। শুধু তাঁর পরিচিতির কারণেই নয়, বোলিং দক্ষতার কারণেও তাঁকে ঘিরে রোমাঞ্চ তৈরি হবে। তাঁর স্লোয়ারগুলো একেবারেই আলাদা। ইনিংসের শেষ দিকে বোলিংয়ের এমন কিছু দক্ষতা তাঁর আছে, যা অন্য কারও মধ্যে দেখা যায় না।’
প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলতে যাওয়ার অপেক্ষায় মোস্তাফিজও। রেনেগেডসের হয়ে মাঠে নামতে মুখিয়ে থাকা এই পেসার বলেন, ‘মেলবোর্ন রেনেগেডসের হয়ে প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলতে মুখিয়ে আছি। এমসিজিতে খেলার অভিজ্ঞতা হবে বিশেষ কিছু। সতীর্থদের সঙ্গে যোগ দিতে এবং দলের জন্য অবদান রাখতে আমি রোমাঞ্চিত।’
তবে আইএলটি-টোয়েন্টির সূচির কারণে রেনেগেডসের প্রথম ম্যাচে খেলতে পারবেন না মোস্তাফিজ। দ্বিতীয় ম্যাচে তাঁর খেলার বিষয়টি নির্ভর করছে আইএলটি-টোয়েন্টিতে তাঁর দলের অগ্রগতির ওপর। আপাতত ২২ ডিসেম্বর সিডনি সিক্সার্সের বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তাঁকে পাওয়ার আশা করছে রেনেগেডস।
মোস্তাফিজকে ঘিরে মেলবোর্নের বাংলাদেশি সমর্থকদের জন্যও বিশেষ উদ্যোগ নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ১ ও ১৬ জানুয়ারি এমসিজিতে নিজেদের দুটি হোম ম্যাচে ফিজ বে নামে আলাদা একটি গ্যালারি অংশ নির্ধারণ করবে তারা।
সাকিব আল হাসান ও রিশাদ হোসেনের পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলবেন মোস্তাফিজ।

