বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
জ্বালানি অনুসন্ধানে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশেরসুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, অর্ধশতাধিক আহতমেঘনা গ্রুপে ১১ পদে বড় নিয়োগপোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরেযুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে দল হারলে প্রেসিডেন্টের ক্ষমতা কতটা সীমিত হয়ফেসবুকে রাজনৈতিক বক্তব্যের অভিযোগ: আলমডাঙ্গায় সাবেক যুবলীগ নেতা স্বপন গ্রেপ্তারচেয়ারম্যানকে ব্ল্যাকমেইল করে চাঁদা দাবির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধেতাহসিফ হত্যা মামলা: সেই তরুণীকে আবার রিমান্ডে নিতে আবেদনআত্মসমর্পণ করা চরমপন্থীদের তথ্যে মিলল ১০৩ আগ্নেয়াস্ত্রচুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন
বিজ্ঞাপন

ইসরাইলে সরকার গঠন নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনায় প্রেসিডেন্ট হারজগ

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০২:০৭ পিএম
ইসরাইলে সরকার গঠন নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনায় প্রেসিডেন্ট হারজগ

ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে কোনো দল বা জোট এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বুধবার রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে আলোচনা শুরু করছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। সরকার গঠনের দায়িত্ব কাকে দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি বিভিন্ন পক্ষের মতামত শুনবেন। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

ইসরাইলের প্রেসিডেন্টের পদ মূলত আনুষ্ঠানিক হলেও নির্বাচনের পর সরকার গঠনের প্রথম সুযোগ কাকে দেওয়া হবে, সে সিদ্ধান্ত নেওয়ার সাংবিধানিক ক্ষমতা তার রয়েছে। এ প্রক্রিয়া শেষ হতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত সময় লাগতে পারে। শেষ পর্যন্ত সরকার গঠনের প্রচেষ্টা ব্যর্থ হলে নতুন নির্বাচনের পথও খুলে যেতে পারে।

তিন বছরের যুদ্ধ, রাজনৈতিক মেরুকরণ ও দীর্ঘদিনের অস্থিরতার পর দেশে স্থিতিশীলতা ফেরাতে জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনাও বিবেচনায় রয়েছে। সাম্প্রতিক বক্তব্যে প্রেসিডেন্ট হারজগ রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতার ওপর গুরুত্ব দিয়েছেন।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের আনুষ্ঠানিক ফল গ্রহণের পর বুধবার বিকেল ৫টায় দলগুলোর সঙ্গে দুই দিনের আলোচনা শুরু করার কথা রয়েছে তার। প্রথম দিন অতি জাতীয়তাবাদী দল রিলিজিয়াস জায়নবাদের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, সব পক্ষের বক্তব্য শোনার সুযোগ নিশ্চিত করতেই ছোট দলগুলোর সঙ্গে আলোচনা দিয়ে প্রক্রিয়া শুরু হচ্ছে। বৃহস্পতিবার আলোচনার শেষ পর্যায়ে বড় দুই দল, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টি এবং সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের মধ্যপন্থী থেকে মধ্য-ডানপন্থী বিরোধী দল ইয়াশারের নেতাদের সঙ্গে বৈঠক করবেন হারজগ।

ইসরাইলের ১২০ সদস্যের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। কিন্তু নির্বাচনে নেতানিয়াহু ও আইজেনকট; কেউই এককভাবে এই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি।

আসন সংখ্যায় নেতানিয়াহুর জোট এগিয়ে রয়েছে। তাদের ঝুলিতে রয়েছে ৫৩টি আসন। অন্যদিকে আইজেনকটের নেতৃত্বাধীন জোট পেয়েছে ৪৮টি আসন।

আরব সংখ্যালঘুদের দলগুলোর সমর্থন পেলে আইজেনকটের জোট প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে। নেতানিয়াহুর কট্টর ডানপন্থী সরকারের প্রতি অসন্তোষের মধ্যে এবারের নির্বাচনে আরব দলগুলোর আসন বেড়ে ১৯টিতে দাঁড়িয়েছে।

তবে বিরোধী জোটের কয়েকজন নেতা আরব আইনপ্রণেতাদের সমর্থনের ওপর নির্ভর করে সরকার গঠনের বিষয়ে আপত্তি জানিয়েছেন। অন্যদিকে নেতানিয়াহু আরব দলগুলোকে বাদ দিয়ে বৃহত্তর জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগও তুলেছেন তিনি।

এ অভিযোগের তদন্তের অগ্রগতি জানাতে মঙ্গলবার গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল। তাঁর বক্তব্য, অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ জমা দেওয়া হয়নি।

আরব-ইসরাইলি নেতারা নেতানিয়াহুর অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে আইজেনকট অভিযোগ করেছেন, নেতানিয়াহু ও তার লিকুদ পার্টি গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে পরিকল্পিতভাবে আক্রমণ চালানোর চেষ্টা করছে।

সরকার গঠনে নতুন চিন্তার আহ্বান

ইসরাইলের রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে নির্দলীয় প্রেসিডেন্ট হারজগ অতীতে বামপন্থী লেবার পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমান রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে নতুন নির্বাচন এড়াতে তিনি দলগুলোর মধ্যে নতুনভাবে চিন্তাভাবনা ও আলোচনার আহ্বান জানিয়েছেন।

প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, সরকার গঠনের সব সম্ভাবনা যাচাই করা, সংলাপের পরিসর বাড়ানো এবং রাজনৈতিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে পারে এমন প্রতিটি পথ বিবেচনা করা প্রয়োজন। সিদ্ধান্ত নেওয়ার আগে প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও কয়েক দফা আলোচনা করতে পারেন হারজগ।

নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্টের কাছ থেকে সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর সংশ্লিষ্ট প্রার্থী ২৮ দিন সময় পাবেন। বিশেষ পরিস্থিতিতে এই সময় আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।

প্রথম ব্যক্তি সরকার গঠনে ব্যর্থ হলে প্রেসিডেন্ট অন্য কাউকে দায়িত্ব দিতে পারবেন। দ্বিতীয় ব্যক্তিও ব্যর্থ হলে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতারা ২১ দিনের মধ্যে নিজেদের মধ্য থেকে একজনকে মনোনীত করার সুযোগ পাবেন। এই প্রক্রিয়াতেও সমাধান না এলে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

২০২২ সালের নভেম্বরে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনের পর সরকার গঠন করতে নেতানিয়াহুর ৫৮ দিন সময় লেগেছিল। সে নির্বাচনে তাঁর লিকুদ পার্টি এবারকার তুলনায় বেশি আসন পেয়েছিল। এর আগে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে রাজনৈতিক অচলাবস্থার কারণে ইসরাইলে পাঁচবার নির্বাচন অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...