এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নম্বর কমবে কি না, জানাল শিক্ষা বোর্ড

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করলে এ বছর কোনো শিক্ষার্থীর নম্বর কমানো হবে না। তবে পুনর্নিরীক্ষণে কোনো শিক্ষার্থী অতিরিক্ত নম্বর পাওয়ার যোগ্য বলে বিবেচিত হলে সেই নম্বর যোগ করা হবে।
বুধবার (৪ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বলেন, ‘চলতি বছর ভুলবশত বা যেভাবেই হোক, যে নম্বর দেওয়া হয়েছে, তা আর কমানো হবে না। বরং কোনো শিক্ষার্থী নতুন করে অতিরিক্ত নম্বর পাওয়ার যোগ্য হলে, সেই নম্বর যুক্ত করা হবে।’
আগামী বছর থেকে খাতা মূল্যায়নের ক্ষেত্রে নম্বর বাড়তেও পারে, কমতেও পারে জানিয়ে তিনি বলেন, ‘যদি কোনো শিক্ষার্থীকে অতিরিক্ত নম্বর দেওয়া হয়ে থাকে, তাহলে পুনর্মূল্যায়নে তা কমতে পারে। তবে এ বছর বিষয়টি শিথিল রাখা হয়েছে। আগামী বছর থেকে মূল্যায়নের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে।’
গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর প্রায় ছয় লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এ ছাড়া অনেক শিক্ষার্থী প্রত্যাশা অনুযায়ী ফল পাননি। তারা চাইলে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন বলে জানায় বোর্ড।
রোববার (১ নভেম্বর) থেকে পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। আবেদন নেওয়া হবে ৭ নভেম্বর পর্যন্ত। আবেদনপ্রক্রিয়া ও ফি পরিশোধের নিয়ম জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আবেদন করতে হবে অনলাইনে। ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে জানায় বোর্ড।
চলতি বছর এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন খাতা মূল্যায়নের পদ্ধতি নিয়ে বলেছেন, পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ১৯৮০ সংশোধন করে খাতা পুনর্মূল্যায়নের সুযোগ আনা হয়েছে। কোনো পরীক্ষক খাতা যথাযথভাবে মূল্যায়ন করেছেন কি না, নম্বর দেওয়ার ক্ষেত্রে অস্বাভাবিকতা রয়েছে কি না, এসব বিষয়ও পর্যালোচনা করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট পরীক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনার কথাও জানান তিনি।

