জানুয়ারির মধ্যে নতুন মজুরি কাঠামো কার্যকর: শ্রমমন্ত্রী

তৈরি পোশাক খাতের শ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামোর চূড়ান্ত প্রস্তাব তৈরি করা হবে এবং ২০২৭ সালের জানুয়ারি থেকে তা পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে।
বুধবার (৪ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকার, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে আয়োজিত এক ত্রিপক্ষীয় বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, গাজীপুরের নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। আন্দোলনের সময় কোনো নিরীহ শ্রমিক গ্রেপ্তার হয়ে থাকলে তাদের ছেড়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে, তবে কোনো দুষ্কৃতকারীকে ছাড় দেওয়া হবে না।
চলতি আন্দোলনের মধ্যে গাজীপুরে নিহত শ্রমিকের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ১ লাখ টাকা অর্থসহায়তা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
শ্রমিকদের চিকিৎসা সুবিধার কথা উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, টঙ্গীতে ১০০ শয্যার এক শ্রমজীবী বিশেষায়িত হাসপাতাল নির্মাণের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মজুরি কাঠামোর অগ্রগতি সম্পর্কে মন্ত্রী জানান, দ্রুততম সময়ের মধ্যে মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ করা হয়েছে এবং এরই মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামোর চূড়ান্ত প্রস্তাব তৈরি করা হবে এবং ২০২৭ সালের জানুয়ারি থেকে তা পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে।
তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কারখানায় ফিরে যান। মজুরি নিয়ে কোনো প্রস্তাব থাকলে তা লিখিতভাবে মজুরি বোর্ডে দিন। রাষ্ট্রকে অস্থিতিশীল করার বা শিল্প ধ্বংস করার কোনো চক্রান্তে কান দেবেন না।

