গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২ কোটি ২০ লাখ ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

দেশের এভিয়েশন খাতে সক্ষমতা বাড়াতে উড়োজাহাজের বহর সম্প্রসারণের পাশাপাশি গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে বড় বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
এ খাতে প্রায় ২ কোটি ২০ লাখ মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে বেসরকারি এয়ারলাইন্সটি। এরই মধ্যে ১ কোটি ২০ লাখ ডলারের এলসি খোলা হয়েছে। নতুন করে ১৪৬টি গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট যুক্ত করার পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০টি ইলেকট্রিক ভেহিকেল পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ মো. কামরুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি জানান, বর্তমানে ইউএস-বাংলার ব্যবস্থাপনায় প্রায় ৫৯০টি গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট রয়েছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে আরও ১৪৬টি আধুনিক সরঞ্জাম যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে এয়ারক্রাফট পুশব্যাক ট্রাক্টর, টোবার, ব্যাগেজ বেল্ট লোডার, ব্যাগেজ ট্রাক্টর, যাত্রী ওঠানামার সিঁড়ি, গ্রাউন্ড পাওয়ার ইউনিট, এয়ার স্টার্ট ইউনিট, ক্যাটারিং ট্রাক এবং ওয়াটার ও ল্যাভেটরি সার্ভিস ট্রাকসহ বিভিন্ন র্যাম্প সাপোর্ট সরঞ্জাম।
এয়ারলাইন্সটির দাবি, উড়োজাহাজের সংখ্যা বাড়ার সঙ্গে তাল মিলিয়ে গ্রাউন্ড সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি করা জরুরি। আধুনিক সরঞ্জাম, দক্ষ জনবল ও সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে ফ্লাইটের সময়ানুবর্তিতা এবং যাত্রীসেবার মান উন্নত করা সম্ভব হবে। চট্টগ্রাম ও সিলেটে আঞ্চলিক হাব গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবেও গ্রাউন্ড সাপোর্ট সম্প্রসারণ করা হচ্ছে।
পরিবেশবান্ধব বিমানবন্দর পরিচালনার অংশ হিসেবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০টি ইলেকট্রিক ভেহিকেল চালুর পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। এসব যানবাহনের জন্য প্রয়োজনীয় চার্জিং অবকাঠামো স্থাপনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিমানবন্দরের গ্রাউন্ড অপারেশনে জ্বালানি নির্ভরতা ও স্থানীয় পর্যায়ে কার্বন নিঃসরণ কমবে বলে আশা করছে এয়ারলাইন্সটি।

