জাপানসহ ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক

জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, কসার্বিয়া, মলদোভা, বেলারুশ, কসোভো, বসনিয়া, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগানুমতি বা অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া এসব দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক কর্মীদের বহির্গমন ছাড়পত্র (ইমিগ্রেশন ক্লিয়ারেন্স) ইস্যু না করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) এক চিঠিতে সদস্য রিক্রুটিং এজেন্সিগুলোকে এ নির্দেশনার বিষয়ে জানানো হয়। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নির্দেশনার পরিপ্রেক্ষিতে বায়রা এ চিঠি পাঠিয়েছে।
উল্লিখিত ১২টি দেশে কর্মসংস্থানের উদ্দেশে যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের নিয়োগপ্রক্রিয়া ও সরকারি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করতে হবে। পাশাপাশি বহির্গমন ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার আগে কোনো আর্থিক লেনদেন বা চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

