গৌরীপুরে প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে পূজা কমিটির সদস্যের মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে দুর্গোৎসবের প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঞ্জীব চৌহান (৪৮) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় ঝলক মাস্টারপাড়া পূজা উদযাপন কমিটির সদস্য ছিলেন।
বুধবার (২১ অক্টোবর) রাত ৯টার পর পৌর শহরের মাস্টারবাড়ি এলাকায় ঝলক পূজামণ্ডপের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সঞ্জীব ওই এলাকার বাসিন্দা শ্যামলাল চৌহানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে মাস্টারবাড়ি এলাকা থেকে ভক্তরা ঢাকঢোল বাজিয়ে প্রতিমা বিসর্জনের জন্য বের হচ্ছিলেন। শোভাযাত্রাটি মণ্ডপের সামনে এলে আকস্মিকভাবে একটি সচল বিদ্যুতের তার সঞ্জীবের ওপরের দিকে ঝুলতে দেখা যায়। বড় কোনো বিপদের আশঙ্কায় সঞ্জীব নিজ হাতে তারটি সরাতে যান। ওই সময় অসাবধানতাবশত তারের সঙ্গে স্পর্শ লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফেরদৌস আল মামুন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই সঞ্জীবের মৃত্যু হয়েছিল।
এদিকে আলোকসজ্জার কাজে অবহেলাকেই দুর্ঘটনার মূল কারণ বলে দাবি করেছেন ঝলক পূজা মন্দির কমিটির সভাপতি অজিত চৌহান। তিনি অভিযোগ করে বলেন, মণ্ডপের লাইটিংয়ের দায়িত্বে থাকা লোকজনকে ছেঁড়া তারে টেপ পেঁচিয়ে সুরক্ষিত করতে বারবার তাগিদ দেওয়া হয়েছিল। কিন্তু তারা কথা শোনেনি। নিয়ম অনুযায়ী কোনো তার স্থানান্তরের আগে ত্রুটি আছে কি না তা যাচাই করার কথা, সেটাও করা হয়নি। সংশ্লিষ্টদের এমন উদাসীনতার কারণেই এই প্রাণহানি ঘটেছে।
এ প্রসঙ্গে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় এখনও থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

