শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

অন্ধ্রপ্রদেশ উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পিএম
অন্ধ্রপ্রদেশ উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ঘনীভূত হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে উপকূলে আঘাত হানতে পারে। এ অবস্থায় অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তিশগড় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকার।

সোমবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।

ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, সোমবার সকাল সাড়ে ৫টায় পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল ‘অর্ণব’। এটি বিশাখাপত্তনম থেকে প্রায় ৬৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে এবং ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিতে পশ্চিম দিকে এগোচ্ছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলের মধ্যে এটি বাপাতলা ও বিশাখাপত্তনমের মাঝামাঝি ইয়ানামের কাছ দিয়ে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১৫-১২৫ কিলোমিটার থেকে দমকা হাওয়াসহ ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

ঘূর্ণিঝড়টি মোকাবিলায় জাতীয় সংকট ব্যবস্থাপনা কমিটির (এনসিএমসি) বৈঠক ডেকে প্রস্তুতি পর্যালোচনা করেছেন ক্যাবিনেট সচিব টি ভি সোমনাথন। তিনি কর্মকর্তাদের জননিরাপত্তা নিশ্চিত করা ও দ্রুত জরুরি সেবা পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছেন। ২৬-২৯ অক্টোবর পর্যন্ত জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও কোস্ট গার্ডের সঙ্গে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীকে (এনডিআরএফ) প্রস্তুত রাখা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...