এশিয়া পোস্টে সংবাদ প্রকাশ, বাড়ল এলজিইডির প্রকল্পে নারী কর্মী নিয়োগে আবেদনের সময়

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর রশিদ এশিয়া পোস্টকে বলেন, নারী কর্মী নিয়োগে অনিয়ম বা অর্থ লেনদেনের অভিযোগ থাকলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
তিনি বলেন, কেউ চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ নিয়ে থাকলে ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রকৃত যোগ্য ও অসহায় নারীরা যাতে নিয়োগের সুযোগ পান, সে বিষয়েও প্রশাসন নজর রাখবে।
এর আগে গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) এশিয়া পোস্টে ‘কুষ্টিয়ায় এলজিইডির নারী কর্মী নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, ছাগল বিক্রি করে দিয়েছেন টাকা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারে অসংগতি এবং ইউনিয়ন পরিষদগুলো যথাসময়ে বিজ্ঞপ্তি সম্পর্কে অবগত না হওয়ায় আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী, আগ্রহী নারীরা আগামী ৩ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন। আবেদনকারীদের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। কুষ্টিয়া সদর উপজেলার স্থায়ী বাসিন্দা হওয়া, শারীরিকভাবে কায়িক শ্রমে সক্ষমতা এবং নির্ধারিত জমির সীমা মেনে চলার শর্ত রয়েছে।
এলজিইডি জানিয়েছে, আবেদন যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। আগামী ৫ নভেম্বর উপজেলা অডিটরিয়ামে সবার সামনে লটারি আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।

