শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

নিষেধাজ্ঞা শেষ, ইলিশ ধরতে সাগরে যাওয়ার প্রস্তুতি বরগুনার জেলেদের

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পিএম
নিষেধাজ্ঞা শেষ, ইলিশ ধরতে সাগরে যাওয়ার প্রস্তুতি বরগুনার জেলেদের

জেলেরা জানান, মাছ ধরেই তাঁদের পরিবার চলে। নিষেধাজ্ঞার সময়ে আয় বন্ধ থাকায় সংসারের খরচ মেটাতে হিমশিম খেতে হয়েছে। এখন সাগরে গিয়ে পর্যাপ্ত ইলিশ ও অন্যান্য মাছ পাওয়ার আশা করছেন তাঁরা। কাঙ্ক্ষিত মাছ পেলে ঋণ পরিশোধের পাশাপাশি পরিবারের প্রয়োজন মেটানোও সহজ হবে।

বরগুনা সদরের মৎস্য আড়ত মালিক মো. আফজাল হোসেন জানান, এ বছর সকল মৎস্য ব্যবসায়ীই কমবেশি লোকসানে রয়েছেন। গত মৌসুমে এসব ট্রলারে আহরিত ৩ কোটি টাকার মাছ বিক্রি হয়েছে। কিন্তু এবার বিক্রি হয়েছে মাত্র এক কোটি টাকা। বিভিন্নভাবে সংগ্রহ করে এই বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করে এখন ঋণগ্রস্ত হয়ে পড়েছি।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা সাগরে যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। তবে গত কয়েক দিন ধরে ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সাগর উত্তাল থাকায় অনেক জেলে ট্রলার গভীর সমুদ্রে যেতে পারছে না। ফলে নিষেধাজ্ঞা শেষে সকল প্রস্তুতি সম্পন্ন করার পরেও অনেক জেলে পরিবারের অনিশ্চয়তা দেখা দিয়েছে। সাগরের আবহাওয়া ভালো হলে দু একদিন পরে গভীর সাগরে মাছ ধরার ট্রলারগুলো যাত্রা করবে।

বরগুনার জেলা মৎস্য কর্মকর্তা জিয়া উদ্দিন বলেন, জেলেদের সহায়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিষেধাজ্ঞার সময়ে সহায়তার চালের পরিমাণ বাড়ানোসহ অন্যান্য সহযোগিতার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলেরা আবারও সাগরে মাছ ধরতে ফিরবেন। মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করা এবং ইলিশের উৎপাদন বাড়াতে সহায়তা করাই এ নিষেধাজ্ঞার উদ্দেশ্য। জেলেরা সাগরে গিয়ে কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এতে জেলেদের দীর্ঘদিনের আর্থিক সংকট কিছুটা কমবে এবং উপকূলের মৎস্য খাতে আবারও কর্মচাঞ্চল্য ফিরে আসবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...