এইচএসসিতে লক্ষ্মীপুরে সেরা প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় লক্ষ্মীপুর জেলায় সেরা ফলাফল করেছে রায়পুরের প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ। এ বছর কলেজটির ৯৮ দশমিক ৯২ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। পাসের হার ও পরীক্ষার্থীর সংখ্যা বিবেচনায় কুমিল্লা শিক্ষা বোর্ডের সেরা কলেজগুলোর তালিকায়ও রয়েছে প্রতিষ্ঠানটি।
কলেজ সূত্রে জানা গেছে, এ বছর প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ থেকে ৩৭২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৩৬৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২৪ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৮ জন, মানবিক বিভাগে ৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৩ জন। এ ছাড়া এ গ্রেড পেয়েছে ১৮৬ জন, এ মাইনাস পেয়েছে ১১৮ জন, বি গ্রেড পেয়েছে ৩৭ জন এবং সি গ্রেড পেয়েছে ৩ জন।
কলেজটির অধ্যক্ষ বলেন, আমাদের ৩৭২ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৩৬৮ জন কৃতকার্য হয়েছে। পাসের হার ৯৮ দশমিক ৯২ শতাংশ। পাসের হার ও পরীক্ষার্থীর সংখ্যা বিবেচনায় কুমিল্লা শিক্ষা বোর্ডের সেরা কলেজগুলোর মধ্যে আমাদের প্রতিষ্ঠান রয়েছে। লক্ষ্মীপুর জেলাতেও আমরা প্রথম হয়েছি। বোর্ডে কিছু প্রতিষ্ঠান থেকে মাত্র একজন বা দুজন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করায় তাদের পাসের হার শতভাগ হয়েছে। তবে পরীক্ষার্থীর সংখ্যা ও পাসের সংখ্যার বিবেচনায় আমাদের ফলাফল উল্লেখযোগ্য।
কলেজ কর্তৃপক্ষ জানায়, কুমিল্লা শিক্ষা বোর্ডের কয়েকটি প্রতিষ্ঠানে অল্পসংখ্যক পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করায় সেসব প্রতিষ্ঠানের পাসের হার শতভাগ হয়েছে। তবে পরীক্ষার্থীর সংখ্যা ও মোট উত্তীর্ণ শিক্ষার্থীর বিবেচনায় প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ বোর্ডের সেরাদের তালিকায় রয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি লক্ষ্মীপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছে।
অন্যদিকে লক্ষ্মীপুর সরকারি কলেজে পাসের হার ৭৭ দশমিক ২৫ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে ১ হাজার ১২১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৮৬৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৩১ জন।
লক্ষ্মীপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৮৮ দশমিক ৮৯ শতাংশ। প্রতিষ্ঠানটি থেকে ৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৪ জন পাস করেছে।

