আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা

শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস্ এন্ড ইন্টেল) জানান, সকাল ৬টা থেকে তাদের পর্যাপ্ত ফোর্স মোতায়েন ছিল এবং সার্বিক পরিস্থিতি ভালোই ছিল। সকাল সাড়ে ১০টার দিকে ‘নিট এশিয়া’ কারখানা বন্ধ ঘোষণাকে কেন্দ্র করে কিছু শ্রমিক শারমিনের সামনে জটলা তৈরি করলেও শ্রমিকরা শান্তিপূর্ণ ছিলেন এবং পুলিশ দায়িত্বশীল ভূমিকা পালন করে পরিস্থিতি শান্ত করে। কর্তৃপক্ষ একপর্যায়ে শারমিন গার্মেন্টসও বন্ধ ঘোষণা করলে শ্রমিকরা যার যার গন্তব্যে চলে যান এবং রাস্তা ক্লিয়ার করা হয়। পরবর্তীতে ‘অনন্ত গার্মেন্টস’-এর কিছু বিক্ষিপ্ত শ্রমিক ইটপাটকেল নিক্ষেপ করে রাস্তায় নামার চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সাথে কথা বলে। কারখানা কর্তৃপক্ষ আগেই অনন্ত গার্মেন্টস বন্ধ ঘোষণা করায় তাদের বুঝিয়ে বলার পর বিক্ষিপ্ত শ্রমিকরা শান্তিপূর্ণভাবে যার যার গন্তব্যে চলে যান।
অতিরিক্ত পুলিশ সুপার সোহেল আহমেদ আরও জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। বর্তমানে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং যান চলাচলও স্বাভাবিক রয়েছে। তবে ঠিক কতটি কারখানা আজ ছুটি ঘোষণা করা হয়েছে, কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে তা নিশ্চিত করা সম্ভব হবে বলে জানান তিনি।

