বিএনপি নেতার মৃত্যুতে ২ দিনের শোক ঘোষণা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন (৫৮) আর নেই। ঢাকায় বেড়াতে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাদ জোহর কালীগঞ্জ সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রাম খামারমুন্দিয়ায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, আগের দিন তিনি ঢাকায় গিয়ে রাজনৈতিক সহকর্মী বাহারুল ইসলাম কাজলের বাসায় ওঠেন। রাত দুইটার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অবিবাহিত এই নেতা মৃত্যুকালে দুই ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

