পল্লী বিদ্যুৎ কর্মীর ব্যাগে মিলল ২০ কেজি হরিণের মাংস, বন্যপ্রাণী আইনে মামলা

২০ কেজি হরিণের মাংস পাচারের সময় পিরোজপুরের মঠবাড়িয়ায় আটক পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীসহ দুজনের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম।
জানা গেছে, গতকাল বুধবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে মঠবাড়িয়া থানার এসআই হিরণের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মঠবাড়িয়া পৌরসভার বহেরাতলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী গ্রামের আব্দুল মালেকের ছেলে সোহাগ হোসেন (৪০) এবং বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাছকাটা গ্রামের মো. শাহজাহানের ছেলে মিরাজুল ইসলাম (৩৮)। মিরাজুল পল্লী বিদ্যুৎ সমিতির মঠবাড়িয়া শাখায় মিটার রিডার হিসেবে কর্মরত আছেন বলে নিশ্চিত করেছেন পল্লী বিদ্যুৎ সমিতি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোটরসাইকেলে করে যাওয়ার পথে সন্দেহভাজন ওই দুজনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে আনুমানিক ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, মোটরসাইকেলে করে হরিণের মাংস পরিবহনের সময় দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. আলতাপ হোসেন বলেন, কোনো অবৈধ কাজকে আমরা প্রশ্রয় দেই না। অভিযোগ প্রমানিত হলে আমরা আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

