বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
হামের টিকাদান নিয়ে অবহেলা, দায়ীদের জবাব দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীজাতীয় দল থেকে অবসরের ঘোষণা রোনালদোর১০ নভেম্বর তুরষ্কে যাবেন প্রধানমন্ত্রী: জলবায়ু পরিবর্তনমন্ত্রীএকের পর এক বোমা হামলার হুমকি, ইউরোপজুড়ে বিমান চলাচলে বিপর্যয়ঋণ নিতে দিতে হবে অর্থপাচার ও জালিয়াতি না করার অঙ্গীকারনামাবাড়ির ফটকে কাফনের কাপড় ও গলাকাটা মুরগি, এলাকায় আতঙ্কএমপিভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারীসেন্টমার্টিন ভ্রমণে যাবেন, জেনে নিন যাতায়াত ও রিসোর্ট ভাড়াসহ প্রয়োজনীয় তথ্যবন্ধের নোটিশেও চলছে সিসা কারখানা, বিষাক্ত ধোঁয়ায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকিপ্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে স্বামীর পাতা ফাঁদে আটক প্রেমিক
বিজ্ঞাপন

তরুণ উদ্যোক্তার ১৫০টি আঙুর গাছ কেটে দিল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৪:০০ পিএম
তরুণ উদ্যোক্তার ১৫০টি আঙুর গাছ কেটে দিল দুর্বৃত্তরা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ডাঙ্গী বাজারে বুধবার (৪ নভেম্বর) রাতে রাহাত আলম বর্ষা (১৯) নামে এক তরুণ উদ্যোক্তার আঙুর বাগানের ১৫০টি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তার।

মাত্র ১৯ বছর বয়সে নতুন কিছু করার স্বপ্ন নিয়ে আঙুর চাষে উদ্যোগী হয়েছিলেন রাহাত। সদ্য এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এই তরুণ প্রায় ৫০ শতক জমির ওপর গড়ে তোলেন আঙুরের বাগান। প্রায় ছয় মাস আগে লাগানো বাগানটিতে ছিল আনুমানিক ৩০০টি আঙুরগাছ। বাগানটি গড়ে তুলতে তার বিনিয়োগ ছিল প্রায় পাঁচ লাখ টাকা।

তরুণ উদ্যোক্তা জানান, কেটে দেওয়া কয়েকটি গাছে আঙুরের ফলও ধরেছিল। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চান তিনি।

বাগানটি দেখতে এসে রাহাতের বন্ধু সোহাগ হাসান বলেন, প্রায় পাঁচ লাখ টাকা বিনিয়োগ করে অনেক স্বপ্ন নিয়ে রাহাত বাগানটি গড়ে তুলেছিলেন। কিন্তু প্রায় ১৫০টি গাছ কেটে দেওয়ায় তার বন্ধু বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয় মশিরুল ইসলাম জানান, আগে তিনি দীর্ঘদিন ধরে এই জমিতে আবাদ করতেন। পরবর্তীতে জমিতে আঙুরের বাগান গড়ে তোলার পরিকল্পনা করা হলে তিনি রাহাত আলম বর্ষাকে জমিটি ছেড়ে দেন। তার প্রত্যাশা ছিল, বালিয়াডাঙ্গীতে আঙুর চাষের এই উদ্যোগ সফল হলে তা এলাকার মানুষের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে। কিন্তু বাগানের বর্তমান অবস্থা দেখে তিনি অত্যন্ত মর্মাহত হয়েছেন। দ্রুত এ ঘটনার সুষ্ঠু সমাধান ও বিচার দাবি করেন তিনি।

উদ্যোক্তা রাহাত আলম বর্ষা বলেন, বুধবার রাতে কে বা কারা আমার বাগানের ১৫০টির মতো আঙুরগাছ কেটে দিয়েছেন। গাছে ফল আসছিল। পরিশ্রম ও বিনিয়োগে গড়ে ওঠা আঙুরের বাগানটি এখন ক্ষতিগ্রস্ত। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট প্রশাসন, এটাই আশা করছি।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, তরুণ উদ্যোক্তার আঙুর বাগান কাটার খবরটি আমরা পেয়েছি। এখনও লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...