৪৫ বছর পর সীমান্তের শূন্যরেখায় বাবার মরা মুখ দেখলেন মেয়ে

স্থানীয়রা জানান, মৃত মো: মোনরুদ্দিন শেখের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার হৃদয়পুর গ্রামে। তাঁর বয়স প্রায় ১০০ বছর। নিহত মোনরুউদ্দিন এর ছয় সন্তানের মধ্যে তিন ছেলে ও তিন মেয়ে। প্রায় ৪৫ বছর আগে বড় মেয়ে ফেরদৌসী খাতুনের বিয়ে হয় বাংলাদেশের মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের সোনাপুর নতুনপাড়া গ্রামের মো: ইস্রাফিলের সঙ্গে। এরপর থেকেই ফেরদৌসী খাতুন তার স্বামীর সংসারেই বসবাস করছেন। পরবর্তীতে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পর বাবার সঙ্গে তাঁদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘদিন বাবার সঙ্গে সরাসরি দেখা বা যোগাযোগের সুযোগ হয়নি তাঁর।
ফেরদৌসী খাতুন জানালেন, ৬ ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। বিয়ের পর থেকে তিনি স্বামীর সঙ্গে বাংলাদেশে আছেন। তাঁদের সঙ্গে কোন যোগাযোগ করতে পারেননি। বাবার মৃত্যুর খবর পাওয়ার পর তিনি এখানে ছুটে এসেছেন।

