কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শাহীন আলম (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১২টার দিকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শাহীন আলম ফুলবাড়ী সদর ইউনিয়নের কুঠিরচন্দ্রখানা নাখারজান গ্রামের কাশেম আলীর ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
সহপাঠীদের সূত্রে জানা যায়, ঘটনার দিন কয়েকজন বন্ধুর সঙ্গে সাইকেলে গঙ্গারহাট বাজার থেকে বাড়ি ফিরছিল শাহীন। পথে গঙ্গারহাট মোহরটারী হাফিজিয়া মাদ্রাসার কাছে পৌঁছালে একটি অ্যাম্বুলেন্স একটি অটোরিকশাকে ওভারটেক করার সময় তার সাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে সে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগ করেছে তার সহপাঠীরা।

