যারা ইসলামের নাম বিক্রি করছে, তারা ইসলামের ধারেকাছেও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করলেও একটি দলের কর্মকাণ্ডে ইসলামের প্রতিফলন নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মুখে ইসলামের কথা বললেও দলটির নির্বাচনি ইশতেহারে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা কিংবা শরিয়াভিত্তিক আইন প্রণয়নের কোনো অঙ্গীকার নেই। ধর্মের নাম ব্যবহার করে তারা বরং দেশে বিভক্তি সৃষ্টি করছে।
শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
সালাহউদ্দিন আহমদ বলেন, নিজেদের ইসলামী দল দাবি করলেও তাদের নির্বাচনি ইশতেহারে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কথা নেই। শরিয়াভিত্তিক আইন চালুর বিষয়েও কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। মুখে এক কথা বললেও দলীয় ইশতেহার ও নথিপত্রে ভিন্ন চিত্র পাওয়া যায়।
বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন। জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে দেশের সব জনগোষ্ঠীকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায় বিএনপি।
আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, গত ১৬ থেকে ১৭ বছরে আলেম-ওলামাসহ দেশের মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। শাপলা চত্বরের ঘটনায় অনেকে শহীদ হয়েছেন। তাদের সবার নাম ও কবরের ঠিকানা এখনও জানা যায়নি বলে মন্তব্য করেন তিনি।

